রান্নাঘরের ব্যস্ততায় গ্যাস সিলিন্ডারের বিকল্প হিসেবে ইন্ডাকশন ওভেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দ্রুত রান্না বা হঠাৎ গ্যাস ফুরিয়ে গেলে এটি যেমন স্বস্তি দেয়, তেমনই সামান্য অসাবধানতায় এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রযুক্তিতে চলা এই যন্ত্রটির সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো।
১. ভুল পাত্র নির্বাচন এবং খালি পাত্র গরম করা
ইন্ডাকশন ওভেনের ক্ষেত্রে পাত্রের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সাধারণত সমতল তলাযুক্ত চৌম্বকীয় ধাতু যেমন লোহা বা স্টিলের পাত্র ব্যবহার করতে হয়। সাধারণ তামা, কাচ বা অ্যালুমিনিয়াম পাত্র অধিকাংশ ইন্ডাকশনে কাজ করে না (যদি না তা বিশেষভাবে প্রস্তুত করা হয়)।
এছাড়া গ্যাসের উনুনের মতো অনেকে আগে ইন্ডাকশন চালু করে তার ওপর খালি পাত্র বসিয়ে দেন, যা অত্যন্ত বিপজ্জনক। ইন্ডাকশন সরাসরি পাত্রকে তীব্রভাবে গরম করায় খালি পাত্র মুহূর্তের মধ্যে অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায়। এতে পাত্রের নন-স্টিক কোটিং নষ্ট হওয়ার পাশাপাশি ওভেনের ওপরের কাচের প্লেটেও ফাটল ধরতে পারে। তাই সবসময় পাত্রে তরল উপাদান বা তেল দিয়ে তবেই ওভেনে বসান এবং পাত্রের তলা ভালোভাবে মুছে ব্যবহার করুন।

২. ভেন্টিলেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলা
ইন্ডাকশনের ভেতরে থাকা ইলেকট্রনিক যন্ত্রাংশ ঠান্ডা রাখতে নিচের অংশে কুলিং ফ্যান ও ভেন্টিলেশন পথ থাকে। অনেকেই স্ল্যাব পরিষ্কার রাখতে বা ময়লা এড়াতে ওভেনের নিচে খবরের কাগজ, কাপড় কিংবা প্লাস্টিকের ম্যাট পেতে রাখেন। এর ফলে বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে যায়, ভেতরের গরম বাতাস বের হতে না পেরে যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে পুড়ে যেতে পারে।
আরও পড়ুন: ইনডাকশন ও ইনফ্রারেড চুলার মধ্যে পার্থক্য জানুন
পাশাপাশি, রান্না শেষ হওয়ামাত্রই গরম কাচের প্লেটে ভেজা কাপড় দেওয়া থেকে বিরত থাকুন। তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে কাচ ফেটে যেতে পারে। ওভেন পুরোপুরি ঠান্ডা হওয়ার পর নরম কাপড় দিয়ে তা পরিষ্কার করুন এবং চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখুন।
৩. বিদ্যুৎ সংযোগ ও ওভেন বন্ধ করার সঠিক নিয়ম
রান্না শেষ করেই অনেকে সরাসরি মূল সুইচ বন্ধ করে দেন, যা অনুচিত। আধুনিক অনেক ইন্ডাকশন ওভেনে রান্নার পরেও কুলিং ফ্যান কিছুক্ষণ সচল থাকে যাতে ভেতরের গরম বাতাস বেরিয়ে যন্ত্রটি ঠান্ডা হতে পারে। তাই প্রথমে টাচ প্যানেলের পাওয়ার বাটন দিয়ে ওভেন বন্ধ করুন; ফ্যানের শব্দ পুরোপুরি থেমে যাওয়ার পর মূল সুইচ অফ করুন।
এছাড়া, কম ক্ষমতার এক্সটেনশন বোর্ড বা ঢিলেঢালা সকেটে ইন্ডাকশন চালানো থেকে বিরত থাকুন। এতে অতিরিক্ত গরম হয়ে তার গলে যাওয়া কিংবা শর্টসার্কিট থেকে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে।
এজেড




