ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া একটি অত্যন্ত উদ্বেগের বিষয়। এর ফলে আপনার ব্যক্তিগত তথ্য, ছবি, চ্যাট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটার নিয়ন্ত্রণ চলে যায় কোনো হ্যাকার বা অচেনা চক্রের হাতে, যা তারা নানা বেআইনি কাজে ব্যবহার করতে পারে। তাই অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। প্রোফাইল ছবি, পাসওয়ার্ড, পোস্ট, কমেন্ট কিংবা যোগাযোগের তথ্যে আপনার অনুমতি ছাড়া কোনো পরিবর্তন দেখলেই বুঝবেন অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। নিচে হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনার কার্যকারী উপায়গুলো আলোচনা করা হলো।
হ্যাক হওয়ার সাধারণ লক্ষণ
আপনার অনুমতি ছাড়া কোনো পোস্ট বা কমেন্ট হওয়া, প্রোফাইল ছবি বা পাসওয়ার্ড বদলে যাওয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অন্যতম বড় লক্ষণ। এছাড়া টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কাজ না করা, অচেনা কোনো স্থান থেকে লগইন অ্যালার্ট আসা, কিংবা অ্যাকাউন্ট থেকে ইমেল বা ফোন নম্বর সরিয়ে নতুন তথ্য যুক্ত করার মতো ঘটনাও ঘটতে পারে। অনেক সময় নিজের অ্যাকাউন্টেই আর লগইন করা যায় না।
১. রিকভারি পেজের সাহায্য নিন
আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে মনে হলে প্রথমে ফেসবুকের অফিসিয়াল হ্যাকড অ্যাকাউন্ট রিকভারি পেজে (facebook.com/hacked) যান। আপনার ফোন, কম্পিউটার বা এমন কোনো ডিভাইস ব্যবহার করুন যা দিয়ে আপনি আগে এই অ্যাকাউন্টে লগইন করেছিলেন। প্রয়োজনে আপনার পুরোনো বা ভুলে যাওয়া অন্য কোনো ফোন নম্বর বা ইমেল দিয়েও চেষ্টা করতে পারেন। নম্বর দেওয়ার সময় অবশ্যই কান্ট্রি কোড ব্যবহার করবেন। ইমেল অ্যাকাউন্টে সমস্যা থাকলে সংশ্লিষ্ট ইমেল সার্ভিস প্রোভাইডারের সাহায্য নিন।
২. দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন
অ্যাকাউন্টে অ্যাক্সেস ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই পাসওয়ার্ড বদলে ফেলা অত্যন্ত জরুরি। প্রথমে ফেসবুকে লগইন করুন, এরপর প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’তে যান। সেখান থেকে ‘অ্যাকাউন্টস সেন্টার’ খুলে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ নির্বাচন করুন। এরপর ‘চেঞ্জ পাসওয়ার্ড’ অপশনে গিয়ে একটি নতুন এবং শক্তিশালী পাসওয়ার্ড সেট করে নিন।

৩. অ্যাকাউন্ট আইডেন্টিফিকেশন পেজ ব্যবহার করুন
যদি সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে না পারেন, তবে ফেসবুকের অ্যাকাউন্ট আইডেন্টিফিকেশন পেজ (facebook.com/login/identify) খুলুন। এখানে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা সম্ভাব্য ইমেল বা মোবাইল নম্বর দিন। এই পদ্ধতিতে কাজ না হলে আপনার সঠিক নাম বা ইউজারনেম দিয়ে অ্যাকাউন্ট খুঁজে বের করার চেষ্টা করুন।
৪. পরিচয় নিশ্চিত করুন এবং নতুন তথ্য দিন
অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার পর রিকভারি অপশনগুলো অনুসরণ করুন এবং ‘নো লংগার হ্যাভ এক্সেস টু দিস?’ অপশনটি বেছে নিন। এরপর স্ক্রিনে দেওয়া নির্দেশ অনুযায়ী এমন একটি নতুন যোগাযোগের তথ্য দিন যা আগে কখনো এই অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি। অ্যাকাউন্টটি যে আপনারই, তা প্রমাণ করতে স্ক্রিনে আসা সমস্ত নিরাপত্তা ধাপ সফলভাবে সম্পন্ন করুন। নিরাপত্তা যাচাই সম্পন্ন হলে নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড সেট করার নির্দেশ অনুসরণ করুন।
আরও পড়ুন: স্মার্টওয়াচ কি শরীরের রোগ ধরতে পারে? এই প্রযুক্তি কতটা ভরসাযোগ্য
৫. গ্রিভেন্স অফিসারের সাহায্য নিন
উপরের কোনো সেলফ-সার্ভিস রিকভারি অপশন কাজ না করলে ফেসবুকের গ্রিভেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে ফেসবুকের পক্ষ থেকে সবসময় প্রথমে স্বয়ংক্রিয় রিকভারি অপশনগুলোই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
এজেড




