মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইয়ারবাডের সাউন্ড কমে গেছে? এই সেটিংসেই মিলবে সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

ইয়ারবাডের সাউন্ড কমে গেছে? এই সেটিংসেই মিলবে সমাধান
ইয়ারবাডের একটির আওয়াজ কম হলে যেভাবে ঠিক করবেন

একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও বা ইয়ারবাডের আওয়াজ কমে গেলে কিংবা একটি পাশ একেবারেই কাজ না করলে নতুন কেনার আগে তা ঠিক করে নেওয়া সম্ভব। ময়লা পরিষ্কার করা, ইয়ার-টিপস বদলানো, অডিও ব্যালেন্স ঠিক করা এবং ব্লুটুথ রিসেট করার মতো সহজ কয়েকটি উপায়ে এই সমস্যার সমাধান করা যায়।

বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের কাছেই স্মার্টফোন রয়েছে। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ইয়ারবাডও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট। এর মাধ্যমে গান শোনা, ভিডিও দেখা এবং ফোনে কথা বলা অনেক সহজ হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, দুইটি ইয়ারবাডের মধ্যে একটি কাজ করছে, অন্যটি একেবারেই কাজ করছে না। আবার কখনও একটি ইয়ারবাডের আওয়াজ অন্যটির তুলনায় অনেক কম শোনা যায়। এই পরিস্থিতিতে অনেকেরই মনে হয় ইয়ারবাডটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে এবং নতুন কেনার তাড়াহুড়া শুরু করেন। কিন্তু অযথা টাকা খরচ না করে কয়েকটি সাধারণ ঘরোয়া উপায় পরীক্ষা করে দেখা বুদ্ধিমানের কাজ হবে। প্রথমে দেখে নিতে হবে সমস্যাটি আসলে ফোনে রয়েছে কি না। অন্য কানে ইয়ারবাডটি ব্যবহার করে বা অন্য কোনো ফোনের সঙ্গে কানেক্ট করে এটি পরীক্ষা করা যেতে পারে।

ইয়ারবাডের আওয়াজ কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো এর ভেতরে জমে থাকা ঘাম ও ময়লা। ধুলা বা কানের ময়লা জমে গেলে স্পিকারের মুখ বন্ধ হয়ে যায়। এটি পরিষ্কার করার জন্য নরম ও শুকনা কাপড় ব্যবহার করা যেতে পারে। ইয়ারবাডের জালের ওপর জমে থাকা ময়লা ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। এতে কাজ না হলে নরম ব্রাশ বা কটন সোয়াব ব্যবহার করা যেতে পারে। তবে কোনো অবস্থাতেই ধারালো কিছু ব্যবহার করা উচিত নয়, এতে ইয়ারবাড স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। পরিষ্কার করার পর আবার কানেক্ট করে পার্থক্য বুঝে নেওয়া সম্ভব।

bud

ইয়ারবাডের সঙ্গে থাকা সিলিকন টিপস বা কুশন সঠিকভাবে ফিট না হলেও আওয়াজ কম মনে হতে পারে। কানে ঠিকমতো সেট না হলে বাইরের শব্দ বেশি শোনা যায়। তাই বিভিন্ন সাইজের টিপস বদলিয়ে দেখা যেতে পারে কোনটি কানে সবচেয়ে ভালো মানায়। দুই কানের আকার এক রকম না হলে প্রয়োজনে দুই কানে আলাদা সাইজের টিপস ব্যবহার করা যেতে পারে।

অনেক সময় ইয়ারবাডে কোনো সমস্যা থাকে না, বরং ফোনের অডিও ব্যালেন্স সেটিং বদলে যায়। স্লাইডার একদিকে সরে গেলে এক পাশের আওয়াজ কমে যায়। ফোনের সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি বা হিয়ারিং অপশনে গিয়ে লেফট ও রাইটের অডিও ব্যালেন্স স্লাইডার মাঝখানে আছে কি না তা যাচাই করে নিতে হবে। বিভিন্ন ফোনে এই সেটিং ভিন্ন জায়গায় থাকে। যেমন কিছু ফোনে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি থেকে অডিও অ্যাডজাস্টমেন্ট ঠিক করা যায়, আবার অন্য ফোনে হিয়ারিং এনহান্সমেন্টস থেকে মনো অডিওসহ নানা অপশন পাওয়া যায়।

আরও পড়ুন: ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

সব উপায় চেষ্টার পরও সমস্যার সমাধান না হলে ইয়ারবাড রিসেট করে নতুন করে কানেক্ট করা যেতে পারে। এজন্য ফোনের ব্লুটুথ লিস্ট থেকে ডিভাইসটি আনপেয়ার বা ফরগেট করে ব্লুটুথ বন্ধ করে আবার চালু করতে হবে। এরপর নতুন করে পেয়ার করলে পুরনো সংযোগের সমস্যা দূর হয়ে যায়। এরপরেও যদি নিয়মিত একটির আওয়াজ কম থাকে, তবে বুঝতে হবে ডিভাইসে হার্ডওয়্যারজনিত কোনো ত্রুটি রয়েছে এবং তা কোনো সার্ভিস সেন্টারে দেখানো উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর