স্মার্টফোন হারিয়ে গেলে প্রথমেই মাথায় আসে এখন ফোনটা কীভাবে বা কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ ছবি, দলিল থেকে শুরু করে প্রয়োজনীয় অ্যাপ, সবই তো থাকে আমাদের মুঠোফোনে। তবে এ বার আপনার অ্যানড্রয়েড ফোন হারিয়ে গেলেও গুগলের একটি ফিচারের সাহায্যে সহজেই আপনি হারানো ফোন ট্র্যাক করতে পারবেন। এর জন্য অন্য ফোন থেকে গুগলের ফাইন্ড হাব ব্যবহার করে খুব সহজেই ফোনের শেষ অবস্থান দেখা, ফোনে শব্দ বাজানো, সেটি লক করা এমনকি প্রয়োজন হলে দূর থেকেই ফোনের সমস্ত তথ্য মুছেও ফেলা যাবে।
আরও পড়ুন: ইউটিউবকে টেক্কা দিচ্ছে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি
ফাইন্ড হাব হলো গুগলের হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড যন্ত্র খুঁজে বের করার একটি বিশেষ বৈশিষ্ট্য। এটি আগে ফাইন্ড মাই ডিভাইস নামে পরিচিত ছিল। ফোনে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করা থাকলে এবং প্রয়োজনীয় সেটিংস চালু থাকলে অন্য কোনও অ্যানড্রয়েড ফোনের ফাইন্ড হাব অ্যাপ অথবা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার থেকেই নিজের ফোন খুঁজে পাওয়া যায়। তবে এর জন্য মোবাইল ফোনে লোকেশন ও ব্লুটুথ চালু রাখুন। তবেই ফোন হারালে আপনি সেটি খুঁজে পাবেন। ফাইন্ড হাবের সেটিংসে যন্ত্র শনাক্ত করার অনুমতি দেওয়ার অপশনটি সক্রিয় আছে কি না দেখে নিন। সংযোগবিহীন বা অফলাইন সন্ধানও চালু রাখা ভালো। ফোনে অবশ্যই পিন বা পাসওয়ার্ড সেট করা থাকা দরকার। পাশাপাশি যে গুগল অ্যাকাউন্ট ফোনে ব্যবহার করছেন, সেটিতে যেন পরে প্রবেশ করতে পারেন।

অন্য অ্যানড্রয়েড ফোনে ফাইন্ড হাব অ্যাপ খুলুন অথবা কম্পিউটার বা অন্য কোনও ফোনের ব্রাউজার থেকে গুগলের ফাইন্ড হাব ফিচারে যান। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করে হারানো ফোনটি বেছে নিন। এরপর মানচিত্রে ফোনটির শেষ অবস্থান জানা যাবে। ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকলে হারিয়ে যাওয়া হিসেবে চিহ্নিত করে সেটি তালাবদ্ধ করুন। চাইলে দূরবর্তী লক ব্যবহার করেও ডিসপ্লে লক করে দেওয়া যায়। একেবারে শেষ উপায় হিসেবে ফ্যাক্টরি রিসেট করা যায়। তবে এতে ফোনের সমস্ত তথ্য মুছে যাবে এবং এরপর ফাইন্ড হাব দিয়ে সন্ধান করলে ফোনটি আর খুঁজে পাওয়া যাবে না।
এজেড




