কারও পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ পপ আপ হয়ে স্ক্রিনে ভেসে ওঠার আগেই যদি তা ডিলিট হয়ে যায়, তবে কৌতূহল হওয়াটা খুবই স্বাভাবিক। প্রেরককে বারবার জিজ্ঞাসা করেও অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না। তবে অ্যান্ড্রয়েড ফোনের একটি গোপন সেটিংসের মাধ্যমে খুব সহজেই এই মুছে ফেলা মেসেজগুলো দেখে নেওয়া সম্ভব।
নোটিফিকেশন হিস্ট্রি কী?
অ্যান্ড্রয়েড ফোনের একটি দারুণ ও দরকারী ফিচার হলো নোটিফিকেশন হিস্ট্রি। এর মাধ্যমে ফোনে আসা বিভিন্ন অ্যাপ, মেসেজিং সার্ভিস এবং ইমেলের নোটিফিকেশনের রেকর্ড জমা থাকে। কোনো মেসেজ আসার পর প্রেরক সেটি ডিলিট করে দিলেও, এই ফিচারের সাহায্যে নোটিফিকেশনের ঘরে থেকে যাওয়া বার্তার অংশবিশেষ দেখা সম্ভব। তবে মনে রাখবেন, এটি কোনো থার্ড-পার্টি অ্যাপের মতো হোয়াটসঅ্যাপের ভেতর থেকে মেসেজ ফিরিয়ে আনে না, বরং ফোনের নোটিফিকেশনের রেকর্ড দেখায়।
ফিচারটি চালুর উপায়
ডিলিট হওয়া মেসেজ দেখতে চাইলে ফোনের এই সেটিংসটি আগে থেকেই অন করে রাখা জরুরি। বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি চালু করার পদ্ধতি কিছুটা আলাদা হতে পারে:
গুগল পিক্সেল এবং মটোরোলা: প্রথমে ফোনের সেটিংস খুলুন। এরপর নোটিফিকেশনস অপশনে গিয়ে নোটিফিকেশন হিস্ট্রি সিলেক্ট করুন এবং ইউজ নোটিফিকেশন হিস্ট্রি টগলটি অন করে দিন।
স্যামসাং গ্যালাক্সি: প্রথমে সেটিংস থেকে নোটিফিকেশনস-এ যান। এরপর অ্যাডভান্সড সেটিংস থেকে নোটিফিকেশন হিস্ট্রি অপশনে গিয়ে এটি চালু করে নিন।
অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন: যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসের নোটিফিকেশন বিভাগে গিয়ে এটি খুঁজে পেতে পারেন। অপশনটি সরাসরি না পেলে সেটিংসের সার্চ বক্সে নোটিফিকেশন হিস্ট্রি লিখে সার্চ করলেই সেটি সামনে চলে আসবে।

যেভাবে কাজ করে এবং কিছু সীমাবদ্ধতা
নোটিফিকেশন হিস্ট্রি সক্রিয় করার পর ফোনে আসা প্রতিটি নোটিফিকেশন সেখানে জমা হতে থাকে। ফলে কোনো মেসেজ আসার পর তা মুছে ফেলা হলেও, এখানে গিয়ে সেই নোটিফিকেশনটি দেখতে পাবেন। তবে এর জন্য শর্ত হলো, মেসেজ আসার সময় আপনার ফোনে তার নোটিফিকেশন বাজতে হবে। চ্যাট মিউট করা থাকলে বা নোটিফিকেশন বন্ধ থাকলে সেটি এখানে রেকর্ড হবে না।
আরও পড়ুন: মোবাইল হটস্পট ব্যবহারের ৫ ভুল: অজান্তেই ডেকে আনছেন না তো বড় বিপদ?
এ ছাড়া এই ফিচারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। নোটিফিকেশন হিস্ট্রিতে সাধারণত শেষ ২৪ ঘণ্টার তথ্য জমা থাকে, তাই ২৪ ঘণ্টার মধ্যেই সেটি চেক করতে হবে। খুব বড় মেসেজ হলে সম্পূর্ণ লেখা নাও দেখা যেতে পারে, কারণ এখানে নোটিফিকেশনে ভেসে ওঠা লেখার কিছু অংশই কেবল সংরক্ষিত হয়।
অন্যান্য সুবিধা
ডিলিট হওয়া মেসেজ পড়া ছাড়াও এই ফিচারের আরও অনেক উপকারিতা রয়েছে। কাজের মাঝে ভুলবশত কোনো জরুরি নোটিফিকেশন সোয়াইপ করে মুছে ফেললে তা এই হিস্ট্রি থেকে পুনরায় দেখতে পাবেন। পাশাপাশি, কোন কোন অ্যাপ অযথা বারবার নোটিফিকেশন পাঠাচ্ছে, সেটির হিসাব রাখতেও এই ফিচারটি অত্যন্ত উপযোগী।
এজেড




