দেশের সেমিকন্ডাক্টর খাতের সর্ববৃহৎ প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দেড় মাসব্যাপী এই আয়োজনে দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ১০৬টি দলের মোট ২০৬ জন শিক্ষার্থী অংশ নেন।
প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার
চ্যাম্পিয়ন: ডেভিয়েশন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) — ১,০০,০০০ টাকা প্রাইজমানি
প্রথম রানার্স-আপ: ভলটিক্স (আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) — ৬০,০০০ টাকা প্রাইজমানি
দ্বিতীয় রানার্স-আপ: ডেনসিটি ডিমনস (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) — ৪০,০০০ টাকা প্রাইজমানি
প্লেস অ্যান্ড রাউট (পিএনআর) ডোমেইনে আয়োজিত এই প্রতিযোগিতায় সেমিনার ও কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পর্ব শেষে তাত্ত্বিক এবং ইডিএ ট্যুলের পরীক্ষার ভিত্তিতে সেরা দশ দল নির্বাচিত করা হয়। পরবর্তীতে কেস সলভিং ও প্রেজেন্টেশন পর্বের চুলচেরা মূল্যায়নের মাধ্যমে সেরা তিন দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সহায়তায় এবং উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করে সেমিকন্ডাক্টর শিল্পখাতের অগ্রদূত ‘উল্কাসেমি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মুঃ নজরুল ইসলাম এবং উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।
আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো সফল রোবোটিক সার্জারি সম্পন্ন
উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, “ভিএলএসআইথন একাডেমিক পড়াশোনা ও শিল্পখাতের বাস্তব চাহিদার মাঝে সেতুবন্ধন তৈরি করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনেকেই এখন উল্কাসেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত আছেন, যা শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-রেডি করে তুলতে এ ধরনের আয়োজনের কার্যকারিতা প্রমাণ করে।”
এআইইউবি উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, “একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেরা দশ দলের শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউভিটিআইয়ের ট্রেইনার ও উল্কাসেমির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এজেড



