বাংলাদেশের চিকিৎসাখাতে এক নতুন যুগের সূচনা হলো। প্রথমবারের মতো দেশে সফলভাবে রোবোটিক সার্জারি সম্পন্ন করে ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে রাজধানীর মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার।
সোমবার (৩১ আগস্ট) সফলভাবে এই সার্জারি সম্পন্ন হওয়ার পর গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাসপাতালটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট চিকিৎসকেরা দুটি সফল রোবোটিক সার্জারির অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। জানানো হয়, পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর সফল রোবোটিক কোলেসিস্টেকটমি এবং অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারী রোগীর রোবোটিক হিস্টেরেকটমি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান এবং গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের ডিরেক্টর অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান, এন্ডো-ল্যাপারোস্কপিক অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ।
প্রধান সার্জন ও হাসপাতালটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, আগামীতে কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি সার্জারি এবং ক্যানসার চিকিৎসায় আধুনিক রোবোটিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের। এর ফলে জটিল ও উন্নত চিকিৎসার জন্য দেশের রোগীদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এজেড/এআর




