গুগলের নতুন ফোল্ডেবল স্মার্টফোন ‘পিক্সেল ইলেভেন প্রো ফোল্ড’ ভারতে আত্মপ্রকাশ করেছে। ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের এই ফোনটির ভারতীয় বাজারে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯৯ রুপি। রাজকীয় এই দামের কারণে একটি রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ বাইক কেনার খরচের সঙ্গেই অনায়াসে তুলনা চলে এই প্রিমিয়াম ফোল্ডেবল ডিভাইসের।
আরও পড়ুন: স্মার্টফোনে কেন ৩ থেকে ৪টি ক্যামেরা থাকে? কোন লেন্সের কী কাজ জানুন
ফোনটিতে ৮ ইঞ্চির ওলেড সুপার অ্যাকচুয়া ফ্লেক্স মেইন ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩৬০০ নিটস পিক ব্রাইটনেস সমর্থন করে। এর পাশাপাশি ৬.৫ ইঞ্চির আরেকটি ওলেড সুপার অ্যাকচুয়া কভার ডিসপ্লেও রয়েছে। স্ক্রিনের সুরক্ষায় সামনে আল্ট্রা-ডিউরেবল সিরামিক কভার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং পুরো ডিভাইসটি আইপি৬৮ রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলা ও পানি প্রতিরোধী হিসেবে কাজ করবে।
![]()
পারফরম্যান্সের জন্য গুগল তাদের নিজস্ব লেটেস্ট ‘টেনসর জি৬’ প্রসেসর এবং ‘টাইটান এম৩’ সিকিউরিটি কো-প্রসেসর ব্যবহার করেছে। ক্যামেরা বিভাগে রয়েছে শক্তিশালী ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ১২৭ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ১০.৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫এক্স অপটিক্যাল জুম ও ৩০এক্স ডিজিটাল জুমযুক্ত ১০.৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। এ ছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য কভার ও ভেতরের ডিসপ্লেতে দুটি ১০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে।
![]()
পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৪৮০৬ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে ২৪ ঘণ্টা পর্যন্ত টিকতে সক্ষম। ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ব্যাটারি মাত্র ৩০ মিনিটে শূন্য থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে এবং এতে ২৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও রয়েছে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংবলিত ২৩৯ গ্রাম ওজনের এই ফোল্ডেবল ফোনটি প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।
এজেড




