গরমে এসির কম্প্রেসার বিস্ফোরণসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। মানুষের মতোই ইলেকট্রনিক ডিভাইসগুলোকেও এই গরমে বাড়তি যত্নের প্রয়োজন। ল্যাপটপ ব্যবহারের সময় ইঞ্জিনের মতো গরম হয়ে যায়। অতিরিক্ত গরম হওয়ার ফলে ডিভাইসের পারফরম্যান্স কমে যাওয়া, ব্যাটারি দ্রুত শেষ হওয়া, এমনকি হার্ডওয়্যারের স্থায়ী ক্ষতি বা বিস্ফোরণের মতো ঝুঁকি তৈরি হতে পারে। ল্যাপটপ ঠান্ডা রাখার ৫টি কার্যকরী উপায় এই প্রতিবেদনে উল্লেখ করা হলো-
অবাঞ্ছিত প্রোগ্রাম বন্ধ রাখা
বিজ্ঞাপন
ল্যাপটপে একসঙ্গে অনেকগুলো অ্যাপ বা প্রোগ্রাম চালু রাখলে প্রসেসরের ওপর প্রচুর চাপ পড়ে। এতে ল্যাপটপ দ্রুত গরম হতে শুরু করে। তাই ল্যাপটপের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে যে প্রোগ্রামগুলো বর্তমানে ব্যবহার করছেন না, সেগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া জরুরি।
ড্রাইভার নিয়মিত আপডেট করা
অনেক সময় পুরনো বা ত্রুটিযুক্ত ড্রাইভারের কারণে ল্যাপটপ অস্বাভাবিক গরম হতে পারে। এই সমস্যা সমাধানে ডিভাইসের ড্রাইভারগুলোকে সর্বশেষ সংস্করণে আপডেট রাখা প্রয়োজন। সেটিংস থেকে উইন্ডোজ আপডেট চেক করে নতুন কোনো আপডেট থাকলে তা দ্রুত ডাউনলোড ও ইনস্টল করে নিন।

বিজ্ঞাপন
জাঙ্ক ফাইল মুছে ফেলা
সিস্টেমে জমে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ, ফাইল এবং ক্যাশ মেমোরি কম্পিউটারের কাজের গতি কমিয়ে দেয়। গতি বাড়ানোর জন্য ল্যাপটপকে তখন অতিরিক্ত পরিশ্রম করতে হয়, ফলে ডিভাইস বেশি গরম হয়। তাই নিয়মিত বিরতিতে জাঙ্ক ফাইল মুছে ফেলা উচিত।
বায়ুপ্রবাহ নিশ্চিত করা
ল্যাপটপের ভেতরের যন্ত্রাংশ ঠান্ডা রাখার জন্য ভেতরে ফ্যান থাকে, যা বাইরের তাজা বাতাস গ্রহণ করে এবং গরম বাতাস বের করে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে ভেন্ট বা ছিদ্রগুলোতে ধুলোবালি জমে বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে যায়। নিয়মিত ল্যাপটপের পেছনের প্লেট খুলে ব্রাশ দিয়ে ভেন্টগুলো পরিষ্কার করলে ল্যাপটপ ঠান্ডা থাকে।
উইন্ডোজ পুনরায় ইনস্টল করা
অপারেটিং সিস্টেমে অনেক সময় ভুল প্রোগ্রাম বা ড্রাইভার ইনস্টল হওয়ার ফলে জটিল সমস্যার সৃষ্টি হয়, যা খালি চোখে ধরা কঠিন। এমন পরিস্থিতিতে সিস্টেমের কর্মক্ষমতা ফিরিয়ে আনতে ও তাপমাত্রা কমাতে পুরো উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি পুনরায় ইনস্টল করা একটি ভালো সমাধান হতে পারে।
আরও পড়ুন: রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি
এছাড়া নিয়মিত ল্যাপটপের ব্যাটারি এবং চার্জার পরীক্ষা করা প্রয়োজন। যদি দীর্ঘক্ষণ ব্যবহারের পরও ল্যাপটপ খুব বেশি গরম হয়, তবে একজন পেশাদার টেকনিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। সচেতনতাই পারে আপনার ল্যাপটপকে দীর্ঘস্থায়ী করতে এবং অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচাতে।
এজেড




