দৈনন্দিন যোগাযোগ কিংবা অফিসের জরুরি প্রয়োজনে আমরা নিয়মিত গুগল মেইল বা জিমেইল ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় কোনো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ইমেইল ভুলবশত ইনবক্সে না এসে স্প্যাম ফোল্ডারে চলে যায়। এর ফলে জরুরি অনেক বার্তা আমাদের চোখ এড়িয়ে যায় এবং আমরা ইনবক্ষে সেটি খুঁজতেই থাকি।
গুগলের অফিশিয়াল সাপোর্ট গাইডের তথ্য অনুযায়ী, মূলত তিনটি সহজ সেটিংসের পরিবর্তন করলেই জিমেইল ব্যবহারকারীরা এই বিরক্তিকর সমস্যার চিরতরে সমাধান করতে পারেন। কোনো ইমেইলকে স্প্যাম থেকে ম্যানুয়ালি না সরানো, প্রেরকের নাম যোগাযোগের তালিকায় বা কন্টাক্টসে না থাকা কিংবা সঠিকভাবে ফিল্টার সেট না করার কারণেই মূলত জিমেইল এই ভুলটি করে থাকে।
বিজ্ঞাপন
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যবহারকারীরা তাদের ইমেইলকে স্প্যাম থেকে মুক্ত করতে চাইলে তিনটি সহজ উপায় অবলম্বন করতে পারেন। এগুলো হলো ইমেইলটিকে স্প্যাম ফোল্ডার থেকে ইনবক্সে নিয়ে আসা, প্রেরকের ইমেইল ঠিকানাটি গুগল কন্টাক্টস বা যোগাযোগের তালিকায় যুক্ত করা এবং জিমেইলে একটি নির্দিষ্ট ফিল্টার তৈরি করা। এই পরিবর্তনগুলো করার পর জিমেইল অ্যালগরিদম ভবিষ্যতের ইমেইলগুলোকে আর কখনোই স্প্যাম হিসেবে চিহ্নিত করবে না।

কম্পিউটার থেকে এই সমস্যার সমাধান করতে চাইলে প্রথমে জিমেইল অ্যাকাউন্টটি খুলতে হবে। এরপর বাম দিকের মেনু থেকে 'মোড়' অপশনে ক্লিক করে 'স্প্যাম' ফোল্ডারে যেতে হবে। সেখানে যে ইমেইলটি স্প্যাম থেকে সরাতে চান, তার পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে ওপরের দিকে থাকা 'নট স্প্যাম' অপশনে ক্লিক করলেই সেটি ইনবক্সে চলে যাবে। একইভাবে প্রেরককে কন্টাক্টসে যোগ করার জন্য জিমেইলের বাম দিকে থাকা গুগল কন্টাক্টস অপশনে গিয়ে 'ক্রিয়েট কন্টাক্ট' নির্বাচন করে প্রেরকের নাম ও ইমেইল ঠিকানা লিখে সেভ করে নিতে হবে।
কোনো নির্দিষ্ট ব্যক্তির ইমেইল যাতে ভবিষ্যতে আর কখনোই ভুল করে স্প্যাম ফোল্ডারে না যায়, সেজন্য কম্পিউটারের মাধ্যমে জিমেইলে ফিল্টার তৈরি করা সবচেয়ে কার্যকর উপায়। কারণ এই ফিল্টার তৈরির সুবিধাটি মোবাইল অ্যাপে পাওয়া যায় না। এর জন্য জিমেইলের ওপরের সার্চ বারের পাশে থাকা 'শো সার্চ অপশনস' আইকনে ক্লিক করতে হবে। এরপর 'ফ্রম' নামের ঘরে প্রেরকের ইমেইল ঠিকানাটি লিখে নিচে থাকা 'ক্রিয়েট ফিল্টার' অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে 'নেভার সেন্ড ইট টু স্প্যাম' অপশনের পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে চূড়ান্তভাবে 'ক্রিয়েট ফিল্টার' বোতামে চাপ দিলেই কাজ শেষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মুখ না দেখিয়েও ইউটিউবে লাখ টাকা আয়! ক্যামেরা ছাড়াই কন্টেন্ট তৈরির উপায়
স্মার্টফোন ব্যবহারকারীরাও জিমেইল অ্যাপের মাধ্যমে সহজেই ইমেইলকে স্প্যাম থেকে সরাতে পারেন। এর জন্য অ্যানড্রয়েড বা আইফোনে জিমেইল অ্যাপ খুলে মেনু থেকে স্প্যাম ফোল্ডারে যেতে হবে। এরপর কাঙ্ক্ষিত ইমেইলটি খুলে ওপরের ডানদিকের থ্রি ডট বা 'মোর' অপশনে ট্যাপ করে 'রিপোর্ট নট স্প্যাম' অপশনটি বেছে নিতে হবে। পাশাপাশি ফোনের কন্টাক্টস অ্যাপে গিয়ে নিচের ডানদিকের 'অ্যাড' চিহ্নে ট্যাপ করে প্রেরকের নাম, ইমেইল এবং ফোন নম্বর লিখে সেভ করে নিলেও জিমেইল সেই মেইলটিকে নিরাপদ মনে করবে। বর্তমান ব্যস্ত সময়ে গুগল নির্দেশিত এই সামান্য কয়েকটি সেটিংস বদলে নিলেই যেকোনো জরুরি ইমেইল সরাসরি ইনবক্সে পাওয়া সম্ভব।
এজেড




