ব্যস্ত জীবনে বারবার প্লাগ খোলার ঝক্কি এড়াতে অনেকেই স্মার্টফোন বা ল্যাপটপের চার্জার সারাক্ষণ সকেটে লাগিয়ে রাখেন। ভাবেন, ফোনটা খুলে নিলেই তো হলো! কিন্তু এই ছোট অভ্যাসটি কি আপনার ডিভাইসের আয়ু কমিয়ে দিচ্ছে? নাকি পকেটে কাটছে বিদ্যুতের বিলের কোপ? জেনে নিন সারাক্ষণ চার্জার প্লাগে লাগিয়ে রাখলে আসলে কী ঘটে।
১. বিদ্যুৎ খরচ ও 'ভ্যাম্পায়ার এনার্জি'
বিজ্ঞাপন
চার্জারের সঙ্গে ফোন যুক্ত না থাকলেও, সেটি যদি প্লাগে অন করা থাকে তবে সামান্য হলেও বিদ্যুৎ খরচ হয়। একে বলা হয় 'ভ্যাম্পায়ার এনার্জি' বা স্ট্যান্ডবাই পাওয়ার। যদিও এককভাবে এটি খুব সামান্য, কিন্তু সারা বছর ধরে হিসেব করলে আপনার বিদ্যুৎ বিলে এর প্রভাব পড়ে। অপচয় রোধে কাজ শেষে সুইচ বন্ধ করাই বুদ্ধিমানের কাজ।
২. অতিরিক্ত তাপ ও ডিভাইসের নিরাপত্তা
আধুনিক চার্জারে 'স্মার্ট সার্কিট' থাকলেও দীর্ঘক্ষণ প্লাগে থাকলে তা সামান্য গরম হতে পারে। বিশেষ করে নন-ব্র্যান্ডেড বা সস্তা চার্জার হলে তা অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই ধারাবাহিক তাপ চার্জারের ভেতরের উপাদানের কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে।
বিজ্ঞাপন
৩. অগ্নিকাণ্ডের ঝুঁকি: কতটা বাস্তব?
খুব বিরল হলেও, ত্রুটিপূর্ণ চার্জার বা ঢিলেঢালা সকেট থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। বাড়িতে ছোট শিশু বা পোষ্য থাকলে মেঝে সংলগ্ন সকেটে চার্জার লাগিয়ে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুরক্ষার খাতিরে কাজ শেষ হওয়া মাত্রই চার্জার খুলে রাখা নিরাপদ।
৪. ব্যাটারির ওপর প্রভাব
অনেকের ধারণা সারাক্ষণ প্লাগে থাকলে ফোন বা ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে যায়। বর্তমানের লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো ১০০% চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ গ্রহণ বন্ধ করে দেয়। তবে ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন, চার্জ পূর্ণ হয়ে গেলে প্লাগ খুলে রাখাই ভালো।
৫. সমাধান কী?
মাঝে মাঝে ভুলে চার্জার লাগিয়ে রাখলে বড় কোনো বিপদের আশঙ্কা নেই ঠিকই, কিন্তু দীর্ঘ মেয়াদে সচেতন হওয়া জরুরি। বিদ্যুৎ সাশ্রয়, চার্জারের আয়ু বৃদ্ধি এবং সর্বোপরি বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারের পর চার্জারটি খুলে রাখুন।
এজেড

