রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

রোমাঞ্চকর লড়াইয়ে রোনালদোকে হারালেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০১:১৯ এএম

শেয়ার করুন:

রোমাঞ্চকর লড়াইয়ে রোনালদোকে হারালেন মেসি

সৌদি ফুটবল নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে দেশটির দুই ক্লাবের সমন্বয়ে গড়া অল স্টার ফুটবল দলের মুখোমুখি হয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামের ম্যাচে শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় পায় মেসি-নেইমারের পিএসজি। 

রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মেসি-রোনালদোর এ লড়াই স্মরণীয় হয়ে থাকবে। শুরুতেই গোল করলেন মেসি। জবাব দিয়ে সমতা ফেরান রোনালদো। এভাবে প্রথম মিনিট থেকেই পুরো ম্যাচটি ছিল টান টান উত্তেজনাকর এক লড়াই। 


বিজ্ঞাপন


প্রীতি ম্যাচে ৬০ মিনিটের আগ পর্যন্ত তিনবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি পিএসজি। তবে এরপর দ্রুত দুই গোল করে জয়টা নিশ্চিত করে নেয় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। 

আরও পড়ুন: মেসি-রোনালদো দ্বৈরথ: দুই মহাতারকার শেষ দেখা!

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে অল স্টার একাদশ। তবে বল দখলে আধিপত্য দেখিয়ে স্বাগতিকদের প্রথম ধাক্কাটা দিয়েছে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে লিড পেয়ে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

নেইমারের পাস থেকে বক্সের বাঁ পাশ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি অল স্টার একাদশ। ৩৪ তম মিনিটে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় অল স্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো। 


বিজ্ঞাপন


৩৯ তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির ডিফেন্ডার হুয়ান বার্নেট। ফলে ১০ জনের দলে পরিণত হয়ে যায় পিএসজি। কিন্তু একজন কম নিয়েই ৪ মিনিটের মাথায় আবারও লিড নেয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। 

আরও পড়ুন: আর্জেন্টিনা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত বিষয়ে যা জানাল বাফুফে

৪৩ তম মিনিটে এমবাপের ক্রস থেকে জালে বল জড়ান মারকুইনহোস। কিন্তু পিএসজিকে লিড ধরে রাখতে দেননি রোনালদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সবাইকে চমকে দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ মহাতারকা। ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর খেলা হয়েছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। তবে ২৫ মিনিটের ব্যবধানে ৩ গোল করে জয়টা এক প্রকার নিশ্চিতই করে ফেলে পিএসজি। শুরুটা করেন সার্জিও রামোস। ৫৩ তম মিনিটে এমবাপের দেওয়া পাস বটম লেফট কর্ণার থেকে জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার।

এবারও সমতায় ফিরতে দেরি করেনি অল স্টার একাদশ। ৫৬তম মিনিটে গঞ্জালো মার্টিনেজের পাস থেকে স্কোরলাইন ৩-৩ করেন হিউন সো। কিন্তু বিধি বাম। এবারও স্বস্তির নিশ্বাস ফেলতে পারেনি স্বাগতিকরা।

৬০তম মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল হয় অল স্টারের ডিফেন্ডার আলী আল বুলায়হির। আর তাতে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দিতে ভুল করেননি কিলিয়ান এমবাপে।

লিড নিয়ে এবার আর অল স্টারকে সমতায় ফিরতে দেয়নি পিএসজি। উল্টো ৭৮তম মিনিটে একিটিকের গোলে ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

এরপর আর দ্রুত ম্যাচে ফিরতে পারেনি অল স্টার। তাই অতিরিক্ত সময়ে টেলিস্কার গোল শুধু ব্যবধানই কমিয়েছে। ৫-৪ গোলে শেষ হয় মেসি-রোনালদোর বহুল প্রতীক্ষিত দ্বৈরথ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর