আর্জেন্টিনার জাতীয় দলের ১০ নম্বর জার্সি মানেই ইতিহাস। ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসি দুই প্রজন্মের দুই কিংবদন্তি এই সংখ্যাটিকে বিশ্ব ফুটবলের প্রতীকে পরিণত করেছিলেন। মেসির আন্তর্জাতিক অবসরের পর সেই জার্সির নতুন মালিক খুঁজতে শুরু করেছে সবাই। নিকো পাজ কিংবা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর মতো তরুণদের নামও উঠে আসছে। কিন্তু সাবেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ বলছেন, তাড়াহুড়ো করার কিছু নেই। টিওয়াইসি স্পোর্টস সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান এস্তুডিও ফুটবলে তেভেজের সাক্ষাৎকারের বরাত দিয়ে জানায় এমন কথা।
এস্তুডিও ফুটবলে তেভেজ স্পষ্ট করে বলেন, ‘আমি আরও কিছুদিন অপেক্ষা করতাম। এই মুহূর্তে কাউকেই ১০ নম্বর জার্সি দিতাম না।’
আরও পড়ুন-মেসির স্কুলজীবনের মার্কশিট ভাইরাল, কত নম্বর পেয়েছিলেন?
আরও পড়ুন-তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর
তেভেজের মতে, এই জার্সি শুধু একটা সংখ্যা নয়। এটি বিশ্ব ফুটবলের একটা প্রতীক হয়ে থাকা উচিত। বিশেষ করে আর্জেন্টিনার জন্য আরও বেশি। কারণ এই জার্সি পরে খেলেছেন ডিয়েগো ও মেসি। তাই তিনি পরামর্শ দিয়েছেন, কিছুদিন জার্সিটা আলাদা করে রাখা উচিত। যাতে ভবিষ্যতে যে এটি পরবে, সে বুঝতে পারে জার্সিটি কতটা মূল্যবান; শুধু তার নিজের জন্য নয়, সব আর্জেন্টাইনের কাছেই।
তিনি আরও বলেন, ‘যতক্ষণ না এমন কেউ উঠে আসে, যার ১০ নম্বর জার্সি পরার যোগ্যতা আছে, ততক্ষণ অপেক্ষা করা উচিত। একটু সময় দিন, জার্সিটির মূল্য আরও বাড়তে দিন। তারপর দেখা যাবে, কে এটি পরার যোগ্য।’
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও এখনই সিদ্ধান্ত নেননি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে যথেষ্ট সময় আছে বিষয়টি নিয়ে ভাববার। তেভেজের সঙ্গে একমত হয়ে স্কালোনির এই অবস্থানকে সমর্থন করছেন অনেকেই।
তেভেজ নিজেও আর্জেন্টিনার জার্সি পরে দুটি বিশ্বকাপ খেলেছেন। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে সোনার পদক জিতেছেন এবং অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপও জিতেছেন। তাই জাতীয় দলের চাপ ও প্রত্যাশা সম্পর্কে তিনি ভালোই জানেন।
তিনি বলেন, ‘আমরা এখনই কাউকে দিয়ে সেই জায়গাটা পূরণ করতে চাইছি। যেন জাতীয় দলের জন্য আরেকজন ১০ নম্বর, আরেকজন মেসি কিংবা আরেকজন ডিয়েগো প্রয়োজন। আমরা সব সময় এভাবেই ভাবি। কিন্তু বিষয়টা তা নয়।’
নতুন প্রজন্মকে সময় দেওয়ার ওপর জোর দিয়ে তিনি যোগ করেন, ‘এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে সম্মান করতে হবে। প্রথমে মেসির প্রতি সম্মান দেখাতে হবে। তারপর যে আসবে, তাকেও সময় দিতে হবে, যাতে সে বুঝতে পারে দলের ভালোর জন্য এই জার্সি পরার দায়িত্ব কতটা বড়।’
তেভেজের ভাষায়, ‘তুমি যদি জানো কীভাবে এই জার্সির মর্যাদা ধরে রাখতে হয়, তাহলে দারুণ কিছু করতে পারবে। আর যদি না পারো, সেটিও বোঝা যাবে। আমার মনে হয়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া।’
আগামী ২০ ডিসেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে নিজের বিদায়ী ম্যাচ খেলবেন তেভেজ। সেখানে উপস্থিত থাকার কথা ফুটবল বিশ্বের কয়েকজন তারকার। নিজের ক্যারিয়ার শেষ করার আগে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে এই কথাগুলোই রেখে গেলেন সাবেক এই ফরোয়ার্ড।




