বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ম্যানইউর নাটকীয় জয়, পিএসজির গোল উৎসব; বড় জয় বার্সা-পিএসজির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

ম্যানইউর নাটকীয় জয়, পিএসজির গোল উৎসব; বড় জয় বার্সা-পিএসজির

ইউরোপীয় ফুটবলের রাতে কোথাও গোল উৎসব, কোথাও আবার শেষ মুহূর্তের নাটক। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে রোমাকে হারিয়ে দীর্ঘদিনের জয়খরা কাটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে অ্যাস্টন ভিলাকে হারিয়ে নিজেদের মাঠে দাপট দেখিয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালকে ছয় গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আর অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার রাতে ছিল একাধিক আকর্ষণীয় লড়াই। বড় দলগুলোর দাপটের পাশাপাশি ম্যাচের শেষ দিকে উত্তেজনাও ছড়িয়েছে বেশ কয়েকটি মাঠে। বিশেষ করে ওল্ড ট্রাফোর্ডে রোমার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টি ছিল রাতের অন্যতম আলোচিত ঘটনা।

আরও পড়ুন-২১ বছর পর মেসিকে ছাড়া দল ঘোষণা আর্জেন্টিনার, কারা আছেন

আরও পড়ুন-স্প্যানিশ ফুটবলারের মৃত্যুতে মেসি-এমবাপেদের শোক

দীর্ঘ ১০ ম্যাচের জয়হীন সময় পেরিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে ম্যানইউ। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রোমাকে ৩-২ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। তবে জয়টি সহজে আসেনি। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা।

ম্যাচের ১১ মিনিটে মাতিয়াস সউলের গোলে এগিয়ে যায় রোমা। ছয় মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন দনিয়েল মালেন। দুই গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় ইউনাইটেড। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে স্বাগতিকরা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ব্রুনো ফের্নান্দেজ। এরপর ম্যাচের ৮৩ মিনিটে ম্যাথিয়াস কুনহার গোলে সমতায় ফেরে ইউনাইটেড।

সমতায় ফেরার তিন মিনিটের মাথায় আবারও গোল করেন কুনহা। তার দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে রেড ডেভিলরা। তবে ম্যাচের ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কুনহাকে।

এদিকে স্পেনের মাটিতে ভিয়ারিয়ালের বিপক্ষে গোল উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। প্রতিপক্ষের মাঠে ৬-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসি ক্লাবটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের নবম মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় তারা। ১২ মিনিটে ব্যবধান বাড়ান দিজিরে দুয়ে। এর ঠিক এক মিনিট পর স্যানি মায়ুলুর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

১৭ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে চতুর্থবারের মতো ভিয়ারিয়ালের জালে বল পাঠায় পিএসজি। প্রথম ২০ মিনিটেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। দ্বিতীয়ার্ধেও গোলের ক্ষুধা কমেনি ফরাসি চ্যাম্পিয়নদের। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন রুইজ। ম্যাচের ৭৮ মিনিটে ডেভিড বলির গোলে ষষ্ঠবারের মতো উল্লাসে মাতে পিএসজি। নিজেদের মাঠে পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল ভিয়ারিয়াল।

অন্যদিকে ন্যু ক্যাম্পে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল কাতালানরা। সপ্তম মিনিটেই লামিন ইয়ামালের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বার্সেলোনা।

৫২ মিনিটে রাফিনহার গোলে দ্বিতীয় সাফল্য পায় স্প্যানিশ ক্লাবটি। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানেই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ ড্র করার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বায়ার্ন মিউনিখ। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউ। বিরতির পর ৫৪ মিনিটে লেনার্ট কার্লের গোলে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর ব্যবধান বাড়াতে আক্রমণের গতি বাড়ায় সফরকারীরা। হ্যারি কেন কয়েকবার গোলের চেষ্টা করলেও সফল হননি। তবে ৭৪ মিনিটে কনরাড লাইমারের গোলে ব্যবধান ২-০ করে বায়ার্ন। শেষ পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ফেইনুর্দের মাঠে গিয়ে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। ম্যাচের অষ্টম মিনিটে ইয়ান বিসেকের গোলে এগিয়ে যায় ইতালির ক্লাবটি। ৩৪ মিনিটে পিও এসপোসিতোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে পিওত্র জিয়েলিনস্কির গোলে তৃতীয় সাফল্য যোগ করে ইন্টার। এরপর আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এদিকে স্টুটগার্টকে ২-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারেই। অন্যদিকে শাখতার দোনেৎস্কের কাছে ১-০ গোলে হেরেছে স্পোর্টিং লিসবন। বোডো/গ্লিমট ও লিলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর এলএএসকের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে স্লোভান ব্রাতিস্লাভা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর