শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ এএম

শেয়ার করুন:

প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসি
লিওনেল মেসি

ক্যারিয়ারে অনন্য অর্জন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৬ প্রিন্সেস আস্তুরিয়াস অব অ্যাওয়ার্ড ফর স্পোর্ট জিতেছেন আর্জেন্টিনার সাবেক তারকা লিওনেল মেসি।

অনুষ্ঠানটি হয়েছে স্পেনের উত্তরের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে। মেসি যখন পৌঁছান, তখন বাজছিল ব্যাগপাইপ আর ঢোল। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক তাকে দেখে উল্লাস করেন। তারা বারবার মেসির নাম ধরে স্লোগান দেন।

পুরস্কারটি তুলে দেন রাজকন্যা লিওনর। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী তিনি। তার নামেই এই পুরস্কার। মেসির হাতে তিনি একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দেন।

মেসির ক্যারিয়ারের প্রশংসা করে লিওনর বলেন, তিনি অসাধারণকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলেছেন। খেলাটাকে পড়ে এবং সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি এটা করেছেন। আর সব সময় নিজের অহংকারের ওপরে রেখেছেন দলীয় চেতনাকে।

শুক্রবার (২৩ অক্টোবর) আরও কয়েকজন পুরস্কার নিয়েছেন। তাদের মধ্যে আছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের পথিকৃৎ নভোচারী ক্রিস্টিনা কোচ ও পাঙ্ক তারকা প্যাটি স্মিথ।

ক্রীড়া বিভাগে আগে পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। পেয়েছেন ম্যারাথনের রেকর্ডধারী এলিউদ কিপচোগে ও যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভন।

প্রিন্সেস আস্তুরিয়াস পুরস্কার কী

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার শুরু হয় ১৯৮১ সালে। একে অনেক সময় স্প্যানিশ নোবেল পুরস্কার হিসেবেও আখ্যা দেওয়া হয়। এই পুরষ্কারের সঙ্গে থাকে ৫০ হাজার ইউরো (প্রায় ৭০ লাখ টাকা)। শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া, তিন ক্ষেত্রেই প্রতিবছর এটি দেওয়া হয়। মানুষের সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর চেষ্টাকে সম্মান জানানোই এর উদ্দেশ্য।

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারের আয়োজন করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেনের রাজা ও রানি। ওভিয়েদোর তেত্রো কাম্পামোয়র থিয়েটারে প্রতিবছর অনুষ্ঠানটি হয়। পুরস্কারের সঙ্গে আরও রয়েছে জোয়ান মিরোর নকশা করা একটি ভাস্কর্য, একটি সনদ, একটি প্রতীকী পদক। 

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর