শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ ভিনসেন্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ এএম

শেয়ার করুন:

অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ ভিনসেন্ট
বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি

ভাইরাস সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার (২৩ অক্টোবর) জার্মান ক্লাবটির দ্বিতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণের সময় শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি চিকিৎসক ডাকা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচকে মিউনিখের একটি হাসপাতালে নেওয়া হয়।

গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাস সংক্রমণে ভুগছিলেন কোম্পানি। অসুস্থতার কারণে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন ও দলের শেষ অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি তিনি। একই শারীরিক সমস্যার কারণে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালে তাকে অফিসের সোফায় শুয়ে থাকতে হয়েছিল। সংক্রমণের জেরে পুরোনো টিস্যুতে জটিলতা দেখা দেওয়ায় সিঁড়ি দিয়ে ওঠার মতো স্বাভাবিক কাজ করতেও সমস্যায় পড়েন তিনি।

এত অসুস্থতার মধ্যেও গত বুধবার আর্সেনালের বিপক্ষে ম্যাচে বায়ার্নের ডাগআউটে ছিলেন কোম্পানি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। খেলা শেষে নিজের শারীরিক অবস্থা উপেক্ষা করে অতিরিক্ত চাপ নেওয়ার কথা স্বীকার করেন তিনি।

শুক্রবার বায়ার্নের সাবেনার স্ট্রাস অনুশীলনকেন্দ্রে দ্বিতীয় দলের অনুশীলন দেখার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। পরিস্থিতি বিবেচনায় জরুরি চিকিৎসক ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানিয়েছে, শুক্রবার দ্বিতীয় দলের অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে পড়ায় কোম্পানির চিকিৎসার প্রয়োজন হয়। প্রথম দলের প্রধান কোচ হিসেবে তিনি ওই অনুশীলন পর্যবেক্ষণ করছিলেন। ক্লাবটি আরও জানিয়েছে, হাসপাতালে তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং আপাতত চিকিৎসাধীন থাকতে হবে তাকে।

কোম্পানির সুস্থ হয়ে ওঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বায়ার্নের ক্রীড়া বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল। তার ভাষ্য, কোম্পানি প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন। সুস্থতার জন্য যত দিন প্রয়োজন, তাকে তত দিন সময় দেওয়া হবে। পাশাপাশি কোচিং স্টাফের ওপর ক্লাবের পূর্ণ আস্থা রয়েছে। বায়ার্নের সবাই কোম্পানির দ্রুত আরোগ্য কামনা করছেন বলেও জানান তিনি।

ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি ২০২৪ সালে বায়ার্ন মিউনিখের প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীনে জার্মানির শীর্ষ ক্লাবটি প্রথম দুই মৌসুমেই বুন্দেসলিগার শিরোপা জেতে।

এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর