বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য একজন মা কত কিছুই না করতে পারেন! তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠলেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী এক নারী। পরনে সাধারণ শাড়ি, পায়ে নেই জুতো, অমসৃণ আর এবড়োখেবড়ো রাস্তায় তীব্র বেগে ছুটছেন তিনি। লক্ষ্য একটাই ম্যারাথন জিতে পুরস্কারের টাকা দিয়ে মেয়ের পড়ার খরচ জোগানো। 

আর সেই অদম্য ইচ্ছাশক্তির জোরেই সব তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি ছিনিয়ে আনলেন অভাবনীয় এক জয়।

আরও পড়ুন-ভারতের মেরি কমকে দেখে স্বপ্নের শুরু, ইতিহাস গড়লেন পাকিস্তানের ফাতিমা

আরও পড়ুন-কিম জং উনকে আনন্দ দিতে এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার ১০০ অ্যাথলেট

অনুপ্রেরণাদায়ী এই মায়ের নাম রমাবাই রণবীর। তিনি মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাই এলাকার বাসিন্দা। সম্প্রতি স্থানীয় ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্স তাদের ‘অমৃত মহোৎসব’ উপলক্ষে ‘অমৃত দৌড়’ নামের একটি ম্যারাথনের আয়োজন করে। ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে এই দৌড় শেষ হয় ভাগ্যনগর চৌকে। এই প্রতিযোগিতায় এলাকার অনেক যুবক-যুবতী অংশ নিয়েছিলেন।

সেই তরুণদের সাথেই ট্র্যাকে নামেন ৪৭ বছরের রমাবাই। কোনো দামি স্পোর্টস ড্রেস নয়, প্রতিদিনের আটপৌরে শাড়ি আর পায়ে সাধারণ চপ্পল পরেই তিনি দৌড় শুরু করেন। কিন্তু দৌড়াতে গিয়ে চপ্পল বারবার পা থেকে খুলে যাচ্ছিল। তবে এতে দমে যাওয়ার পাত্রী তিনি নন। 

পায়ের চপ্পল জোড়া খুলে হাতে নিয়ে খালি পায়েই ছুটতে শুরু করেন তিনি। রাস্তার পাথর আর রুক্ষতা তার গতিরোধ করতে পারেনি। বয়সের বাধা আর শারীরিক কষ্টকে জয় করে সব তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছান এই লড়াকু মা।

রমাবাইয়ের এই অসাধারণ জয়ে অবাক ও আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে উপস্থিত দর্শক ও আয়োজকরা। প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি পুরস্কার হিসেবে পান ৩ হাজার রুপি। এই পুরো টাকাই তিনি নিজের মেয়ের পড়াশোনার কাজে ব্যয় করবেন বলে জানিয়েছেন।

সূত্র-এনডিটিভি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর