বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

কিম জং উনকে আনন্দ দিতে এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার ১০০ অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

কিম জং উনকে আনন্দ দিতে আসিয়ান গেমসে উত্তর কোরিয়ার ১০০ অ্যাথলেট

জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়ান গেমসে ১৪টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে প্রায় ১০০ জন অ্যাথলেটের একটি দল পাঠাবে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে আনন্দ দেওয়া’র লক্ষ্য নিয়ে তারা এই আসরে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

কোভিড মহামারীর সময়ে আন্তর্জাতিক সব ধরণের ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল পারমাণবিক শক্তিধর দেশটি। তবে ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের মাধ্যমে আন্তর্জাতিক আঙিনায় ফেরে তারা এবং পরবর্তীতে প্যারিস অলিম্পিকেও অংশ নেয়।

উত্তর কোরিয়ার অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক কো চোল হো জানান, নাগয়া ও আইচি অঞ্চলে হতে যাওয়া আঞ্চলিক এই গেমসে তাঁদের দলে উত্তর কোরিয়ার বংশোদ্ভূত ও জাপানে বসবাসকারী দুজন অ্যাথলেট থাকছেন, যারা নারী ফুটবল ও কারাতেতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাপান-ভিত্তিক উত্তর কোরিয়াপন্থী পত্রিকা ‘চো সন সিনবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে কো বলেন, “আমাদের প্রতিনিধি দল পুরুষ ও নারী ফুটবল, ভারোত্তোলন, বক্সিং এবং কুস্তিসহ ১৪টি ইভেন্টে ১০০ জনেরও বেশি অ্যাথলেট পাঠাবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে আমাদের ক্রীড়াবিদরা কঠোর পরিশ্রম করছেন।”

তিনি উল্লেখ করেন যে, ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের তুলনায় এবার তাদের দল কিছুটা ছোট হলেও, পদক জয়ের সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের। গত আসরে মোট ১১টি স্বর্ণপদক জিতেছিল উত্তর কোরিয়া, যার অর্ধেকই এসেছিল ভারোত্তোলন থেকে।

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ঘিরে অ্যাথলেটদের মনোবল তুঙ্গে রয়েছে জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন, “আমাদের অ্যাথলেটরা দিনরাত ক্লান্তিহীনভাবে অনুশীলন করে যাচ্ছেন, যেন তারা মার্শাল কিমকে দারুণ সব সাফল্য ও আনন্দ উপহার দিতে পারেন।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর