বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

চার দিনের মধ্যে আবারও মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা, কি রোগে ভুগছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

চার দিনের মধ্যে আবারও মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা, কি রোগে ভুগছেন

বায়ার্ন মিউনিখ ও জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালার ফুটবল মাঠে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে উঠেছিল। মাত্র চার দিনের ব্যবধানে দুইবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এই ঘটনাগুলো ঘটার পর উদ্বেগ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তবে এবার নিজেই মুখ খুলেছেন ২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি জানিয়েছেন, সমস্যাটি গুরুতর নয় এবং সহজেই নিরাময়যোগ্য।

আরও পড়ুন-মরক্কোর নারীকে বিয়ে করে ইসলাম গ্রহণ করলেন ব্রাজিল কিংবদন্তি তারকা!

গত শনিবার আরবি লাইপজিগের বিরুদ্ধে প্রীতি ম্যাচে প্রথমবার মাঠে অস্থির হয়ে পড়েন মুসিয়ালা। সেদিন নিজে হেঁটে মাঠ ছাড়লেও তাঁকে বিভ্রান্ত ও অস্থির দেখাচ্ছিল। এর তিন দিন পর মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার পরপরই আবার হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। পরিস্থিতি দেখে দুই দলের খেলোয়াড়রা তাঁকে ঘিরে মানববলয় তৈরি করেন, যাতে চিকিৎসার দৃশ্য সরাসরি না দেখা যায়। পরে চিকিৎসকদের সহায়তায় তিনি মাঠ ত্যাগ করেন।

ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিস্তারিত বার্তা দেন মুসিয়ালা। তিনি লেখেন, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর শরীরে ‘অ্যাবসেন্স সিজার’ নামে একটি সাময়িক স্নায়বিক সমস্যা শনাক্ত করেছেন। এটি স্নায়বিক অকার্যকারিতার কারণে হয় এবং খুব অল্প সময়ের জন্য হয়।

আরও পড়ুন-ফিফার ভিডিওতে উঠে এল বিশ্বকাপ ফাইনালে রেয়াফারির চাঞ্চল্যকর সংলাপ

“আমার এই নিউরোলজিক্যাল সমস্যার কারণেই লাইপজিগ ও হাইডেনহাইমের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর ফলে স্বাস্থ্যের বড় কোনো বাড়তি ঝুঁকি নেই,” জানান তিনি।

মুসিয়ালা আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও নিবিড় পর্যবেক্ষণে থেকে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে এবং ফুটবল খেলা চালিয়ে যেতে আশাবাদী। তিনি খুব ইতিবাচক বোধ করছেন এবং বায়ার্ন মিউনিখ ও পরিবারের সমর্থন পেয়ে আরও শক্তিশালী হচ্ছেন।

আরও পড়ুন-ইয়ামাল কি সত্যিই প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছেন? যা জানা গেল

বায়ার্ন মিউনিখ আগে ম্যাচ প্রতিবেদনে বিষয়টিকে হালকা করে ‘সামান্য আঘাত’ বলে উল্লেখ করেছিল। কিন্তু খেলোয়াড় নিজে বিস্তারিত জানানোর পর ফুটবল বিশ্বে স্বস্তি ফিরে এসেছে।

আসছে শনিবার জার্মান সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। এই ম্যাচে মুসিয়ালা খেলবেন কি না, তা নির্ভর করবে ক্লাবের মেডিকেল টিমের চূড়ান্ত ছাড়পত্রের ওপর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর