হেক্সা মিশনের শুরু থেকেই নেইমার জুনিয়রকে মাঠে দেখতে মুখিয়ে ছিলেন ব্রাজিল সমর্থকরা। তবে সেলেসাওদের ভক্তদের জন্য বারবার আসে দুঃসংবাদ। মরক্কোর বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ছিলেন না নেইমার। এক পর্যায়ে জানা যায়, গ্রুপ পর্বের কোনো ম্যাচেই খেলা হবে না ব্রাজিলিয়ান এই তারকার। তবে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ ও স্বস্তির খবর- মাঠে ফিরছেন নেইমার জুনিয়র। ডান পায়ের কাফ মাসলের (গ্রেড-২) চোট কাটিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড এখন সম্পূর্ণ সুস্থ। আগামী ২৪ জুন (বুধবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেই তাকে মাঠে দেখা যেতে পারে, হাইতির বিপক্ষে জয়ের পর এমনটাই জানিয়েছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ ব্যবধানের দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি নেইমারের ফেরার খবরটি গণমাধ্যমের সামনে আনেন। তিনি জানান, টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ মিস করা নেইমার দ্রুতই দলের সাথে অনুশীলনে যোগ দিচ্ছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন- দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে ব্রাজিলের সামনে এখন যে সমীকরণ
আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে মাঠে অনুশীলন শুরু করবে এবং আগামী সোমবার থেকে দলের বাকি সদস্যদের সাথে পুরোদমে অনুশীলনে নামবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে স্কোয়াডে পাওয়া যাবে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে চোটের কারণে মাঠে নামা হয়নি নেইমারের। এরপর দ্বিতীয় ম্যাচের আগে সেলেসাওদের মেডিকেল টিম জানিয়েছিল, গ্রেড-২ কাফ স্ট্রেইনের পুনর্বাসনের জন্য নেইমারকে নিউ জার্সিতেই রেখে দেওয়া হচ্ছে এবং এই চোট কাটিয়ে উঠতে অন্তত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এই সেলেসাও জাদুকর।
প্রথম ম্যাচে ড্রয়ের পর হাইতিকে হারিয়ে ব্রাজিল এখন ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে। নকআউট পর্ব নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নেইমারের দলে ফেরাটা নিঃসন্দেহে আনচেলত্তির শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। আগামী ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেইমার মাঠের নিয়ন্ত্রণে কতটা ভূমিকা রাখতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।




