বিশ্বকাপে ব্রাজিল মানেই শিরোপার দাবিদারদের অন্যতম নাম। কিন্তু প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে শুরুটা প্রত্যাশামতো হয়নি সেলেসাওদের। ফলে হাইতির বিপক্ষে ম্যাচটি এখন শুধুই আরেকটি গ্রুপ পর্বের লড়াই নয়, বরং নিজেদের সামর্থ্যের বার্তা দেওয়ার বড় সুযোগ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কার্লো আনচেলত্তির একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। আর অনুশীলনের চিত্র বলছে, প্রতিপক্ষকে চাপে ফেলতে নতুন কৌশল সাজিয়ে রেখেছেন আনচেলত্তি।
ফিলাডেলফিয়ায় শেষ কয়েক দিনের অনুশীলনে ইতালিয়ান কোচের নানা পরীক্ষানিরীক্ষা নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রের বরাত দিয়ে ইউরোপের সংবাদমাধ্যম বলছে, হাইতির বিপক্ষে ব্রাজিল আরও আক্রমণাত্মক রূপে মাঠে নামতে পারে। বিশেষ করে ৪-২-৪ ফরমেশনে ফেরার সম্ভাবনা এখন বেশ জোরালো।
বিজ্ঞাপন
আরও পড়ুন- মেসির ইতিহাস, এমবাপে-হলান্ডের জোড়া গোল, ভিনির জাদু আর প্রশ্নে রোনালদো
রক্ষণভাগেও দেখা যেতে পারে পরিবর্তন। ইবানিয়েজের পরিবর্তে অভিজ্ঞ দানিলোকে নিয়ে ভাবছেন আনচেলত্তি। অন্যদিকে মাঝমাঠে লুকাস পাকেতার জায়গায় লুইস হেনরিকে সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মরক্কোর বিপক্ষে আক্রমণভাগ কিছুটা কার্যকর থাকলেও মাঝমাঠে কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ ছিল না। সেই দুর্বলতা কাটাতেই হয়তো আরও বেশি আক্রমণমুখী কৌশলের পথে হাঁটছেন ব্রাজিল কোচ। তবে চূড়ান্ত একাদশ নিয়ে এখনো রহস্য বজায় রেখেছেন তিনি।
দলের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও রাফিনিয়ার শারীরিক অবস্থা। গ্যাব্রিয়েলের উরুতে সামান্য অস্বস্তি রয়েছে, আর রাফিনিয়া ভুগছেন পায়ের ফোস্কার সমস্যায়। যদিও দুজনকেই মূল একাদশে দেখা যেতে পারে, তবুও বিকল্প হিসেবে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
মাঝমাঠেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ব্রুনো গিমারায়েসের পাশে সাম্প্রতিক অনুশীলনে ফ্যাবিনহোকে দেখা গেলেও অভিজ্ঞ কাসেমিরোও সমানভাবে আলোচনায় আছেন। মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড দেখার পর তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার আবার শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনহার মধ্যে চলছে একটি জায়গার লড়াই। অনুশীলনে ইগর কিছুটা এগিয়ে থাকলেও শেষ সিদ্ধান্ত এখনো জানাননি আনচেলত্তি।
এরই মধ্যে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছেন নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে তিনি আবার বল নিয়ে অনুশীলনে ফিরেছেন। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় কোচিং স্টাফ। ফলে হাইতির বিপক্ষে তার মাঠে নামা হচ্ছে না।
হাইতি ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন, দানিলো, মারকিনিওস, গাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা অথবা দানিলো সান্তোস, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।




