নিজের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি হঠাৎই কালো ছায়ায় ঢেকে গেল। সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ আমস্টারডামে বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে পড়েছেন বড় বিপদে। চুরির শিকার হয়ে হারিয়েছেন পাসপোর্ট। ফলে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে সময়মতো যোগ দিতে পারছেন না এই তারকা ফুটবলার।
সৌদি আরব ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির শেষ পর্যায়ে থাকা জাতীয় দলে আব্দুলহামিদ নির্ধারিত সময়ে যোগ দিতে পারেননি।
বিজ্ঞাপন
ঘটনার বিবরণে জানা যায়, আমস্টারডামে পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠান চলাকালীন তার ব্যক্তিগত গাড়িতে চুরি হয়। চোরেরা তার পাসপোর্টসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে চলে যায়।
ফেডারেশন এখন স্থানীয় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। একই সঙ্গে নেদারল্যান্ডসে অবস্থিত সৌদি দূতাবাসের সহায়তায় দ্রুত নতুন ট্রাভেল ডকুমেন্টস তৈরির চেষ্টা চলছে, যাতে আব্দুলহামিদ যত তাড়াতাড়ি সম্ভব দলের সঙ্গে যোগ দিতে পারেন।
বর্তমানে সৌদি আরব জাতীয় দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। নিউইয়র্ক ও টেক্সাসে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি তারা ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে তারা লড়বে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের বিপক্ষে।
এই অপ্রত্যাশিত ঘটনায় সৌদ আব্দুলহামিদের বিশ্বকাপ প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও, ফেডারেশন আশা করছে দ্রুত সমস্যার সমাধান হয়ে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।




