শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

র‍্যাঙ্কিংয়ে স্বস্তি, পরবর্তী চাওয়ার কথা জানালেন মিরাজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

র‍্যাঙ্কিংয়ে স্বস্তি, পরবর্তী চাওয়ার কথা জানালেন মিরাজ 
মেহেদী হাসান মিরাজ

নিউজিল্যান্ড সিরিজের আগে র‍্যাঙ্কিং নিয়ে বেশ দুশ্চিন্তা ছিল টাইগারদের। এই সিরিজে পয়েন্ট বাড়াতে না পারলে যে বিশ্বকাপ খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে। সেই শঙ্কা কিছুটা কেটেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর র‍্যাঙ্কিংয়ে মিলেছে স্বস্তি। 

মেহেদী হাসান মিরাজের কথায়ও ফুটে উঠেছে সেটি। এনিয়ে ঘরের মাঠে পরপর তিনটা সিরিজ জিতেছে বাংলাদেশ। যে কোনো অধিনায়কের জন্যই তা স্বস্তির, মেহেদী হাসান মিরাজের জন্য তা আরও একটু বেশি।


বিজ্ঞাপন


ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই যে রীতিমতো খাদের কিনারায় পড়েছিল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবনমন!

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী বছরের মার্চ পর্যন্ত যারা র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকবে, তারাই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন সরাসরি। এটাও বাংলাদেশকে ভাবাচ্ছিল।

এখানেও আবার অন্য একটা অঙ্ক আছে, বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দক্ষিণ আফ্রিকার র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা একরকম নিশ্চিতই। তেমন হলে র‍্যাঙ্কিংয়ের সেরা ৯–এ থাকলেও চলবে কোনো দলের। বাকিদের বিশ্বকাপ খেলতে হলে পাড়ি দিতে হবে বাছাইপর্বের পথ। বাংলাদেশ যে সেই পথে হাঁটতে চায় না বলাই বাহুল্য। পরপর তিন সিরিজ জিতে তাতে কিছুটা স্বস্তি পেয়েছে তারা।


বিজ্ঞাপন


বাংলাদেশ এখন ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আছে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। র‍্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর সেই পয়েন্ট বাড়বে। তবে ৯ থেকে আটে আসার সম্ভাবনা ক্ষীণ।

বাংলাদেশের নিচে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। টানা কয়েক সিরিজে বাংলাদেশ খারাপ করলে আর ওয়েস্ট ইন্ডিজ একই সঙ্গে ভালো করলে সেই দূরত্ব কমতে পারে। না হলে সেই সম্ভাবনা কম।

স্বস্তির সময়ে বাংলাদেশের পরবর্তী চাওয়ার কথা জানিয়েছেন মিরাজ, ‘বিশ্বকাপে সরাসরি খেলাটা গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে ভালো ক্রিকেট খেলাও। এটা না করতে পারলে ওটাও (কোয়ালিফাই) পারব না।’ সেরা নয়ে থাকতে মিরাজ এখন আত্মবিশ্বাসীও, ‘আমরা যদি ধারাবাহিক পারফর্ম করতে পারি আমার কাছে মনে হয় সেরা ৯ না, আমরা আরও অনেক ওপরে যেতে পারি।’

বাংলাদেশ এখন দল গোছাতে শুরু করেছে বিশ্বকাপকে মাথায় রেখেও। শেষ ম্যাচেই যেমন একাদশে রাখা হয়নি রিশাদ হোসেনকে। তার জায়গায় সুযোগ পাওয়া তানভীর হোসেনকে জায়গা দেওয়ার পেছনেও কাজ করেছে বিশ্বকাপ ভাবনাই।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর