পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটের সীমানা আরও প্রসারিত করতে যাচ্ছে। সৌদি আরবের জেদ্দায় একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের (এসএসিএফ) সঙ্গে সহযোগিতার জন্য ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ (ইওআই) অনুমোদন করেছে পিসিবি। ভবিষ্যতে এই মাঠে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
লাহোরে অনুষ্ঠিত পিসিবির বোর্ড অফ গভর্নরসের সভায় (৮২তম সভা) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে কর্মকর্তারা পাকিস্তানের বাইরে ক্রিকেটকে আরও জনপ্রিয় করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। এটি শুধু একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নয়, বরং মধ্যপ্রাচ্যে ক্রিকেটের বিকাশে পাকিস্তানের সক্রিয় ভূমিকার স্পষ্ট ইঙ্গিত।
বিজ্ঞাপন
এই পদক্ষেপ হুট করে নয়। ২০২৪ সালের ডিসেম্বরে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সৌদি আরব সফর করেন এবং সেখানে প্রিন্স সৌদ বিন মিশাল আল-সাউদের সঙ্গে বৈঠক করেন। সেই সময়ই তিনি স্টেডিয়াম নির্মাণসহ সৌদি আরবে ক্রিকেটের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সেই আলোচনার ফল এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।
সৌদি আরবে ভারত ও পাকিস্তানের বিপুল সংখ্যক প্রবাসী রয়েছেন। তাদের উৎসাহেই দেশটিতে ক্রিকেট অনেক আগে থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় ক্লাব গড়ে উঠেছে এবং বিভিন্ন শহরে খেলা ছড়িয়ে পড়েছে।
২০২০ সালে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন গঠিত হওয়ার পর কার্যক্রম আরও সুসংগঠিত হয়। ২০০৩ সালে আইসিসির সদস্যপদ পাওয়া এবং ২০১৬ সালে সহযোগী দেশের মর্যাদা লাভের পর তারা স্থানীয় টুর্নামেন্ট আয়োজন ও দল গঠনের দিকে মনোযোগ দেয়।
২০২৪ সালে জেদ্দায় আইপিএল নিলাম আয়োজন করে সৌদি আরব ক্রিকেটের বাণিজ্যিক ও বৈশ্বিক সম্ভাবনা দেখিয়েছে। এখন তারা অবকাঠামো উন্নয়ন, বড় টুর্নামেন্ট এবং ভবিষ্যতে পেশাদার লিগের দিকে এগোচ্ছে। পিসিবির এই সহযোগিতা সেই যাত্রায় নতুন গতি যোগ করবে।
বিজ্ঞাপন
এসটি




