শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেসিদের কাঁদানো সেই কোচ ছাঁটাই হয়েছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম

শেয়ার করুন:

মেসিদের কাঁদানো সেই কোচ ছাঁটাই হয়েছেন

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে সৌদি আরব জাতীয় দলের কোচিংয়ে এসেছে অপ্রত্যাশিত নাটক। ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে (৫৭) সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল তিনি নিজেই ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

রবার্তো মানচিনির ব্যর্থতার পর ২০২৪ সালের শেষ দিকে রেনার্ডকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব দেওয়া হয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। তাঁর অধীনেই সৌদি আরব এবারের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির এই চূড়ান্ত পর্যায়ে এমন আকস্মিক পরিবর্তন ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক বিস্ময় সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


বিদায়ের মুহূর্তে রেনার্ড তাঁর অর্জন নিয়ে গর্বের সঙ্গে বলেছেন, “সৌদি আরব সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর মধ্যে দুবারই আমার অধীনে। আমিই একমাত্র কোচ যিনি দলকে কোয়ালিফাইয়ার এবং বিশ্বকাপ দুটোতেই নেতৃত্ব দিয়েছি (২০২২ সালে)। এটা আমার জন্য চিরকালের গর্বের বিষয়।” 

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক ২-১ গোলের জয়ও রেনার্ডের অধীনেই এসেছিল, যা এখনো ফুটবল ইতিহাসে স্মরণীয়। এর আগে তিনি জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে দুবার আফ্রিকা কাপ অব নেশনস জিতে ইতিহাস গড়েছিলেন। সৌদিতে প্রথম মেয়াদ শেষে তিনি ফ্রান্সের নারী দলের দায়িত্ব নেন এবং ২০২৩ নারী বিশ্বকাপ ও ২০২৪ প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন।

রেনার্ডের উত্তরসূরি হিসেবে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন গ্রিসের সাবেক আন্তর্জাতিক ফুটবলার জর্জিওস ডনিস। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল খালিজের কোচ। ফেডারেশনের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলে জানা গেছে।

২০২৬ বিশ্বকাপে সৌদি আরব পড়েছে ‘এইচ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, আর তৃতীয় দল নবাগত কেপ ভার্দে। গ্রুপের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতেই সৌদি আরব তাদের সেরা সাফল্য পেয়েছিল শেষ ১৬ তে উঠেছিল। 


বিজ্ঞাপন


২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরব এখন বিশ্বমঞ্চে নিজেদের আরও শক্তিশালীভাবে প্রমাণ করতে মরিয়া। কিন্তু কোচ পরিবর্তনের এই সিদ্ধান্ত দলের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর