মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। সিরিজ জয়ের লক্ষ্য থাকলেও টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে আপাতত এই প্রথম ম্যাচটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘দেখুন, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো সিরিজের কথা চিন্তা করলে আমাদের জন্য প্রথম ম্যাচটি জয় করা জরুরি। আমরা সেই লক্ষ্যেই মাঠে নামব।’
নিউজিল্যান্ডের বর্তমান দলটিকে অনেকে ‘দ্বিতীয় সারির’ হিসেবে বিবেচনা করলেও অধিনায়ক মিরাজ তাদের মোটেও ছোট করে দেখছেন না।
বরং পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিটি ম্যাচকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। তার মতে, কিউইদের বিপক্ষে এই সিরিজ জয় হবে বাংলাদেশের জন্য এক ‘বিরাট অর্জন’।
বিজ্ঞাপন
এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে টিকে থাকতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এর মধ্যে থাকা বাধ্যতামূলক।
মিরাজ বলেন, ‘আমাদের র্যাঙ্কিংয়ের একটি বিষয় আছে। তাই বিশ্বকাপের কথা মাথায় রাখলে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
র্যাঙ্কিংয়ের পাশাপাশি দলের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়াকেও বড় লক্ষ্য হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে যাওয়ার আগে এই সিরিজগুলোতে ভালো ফলাফল করতে পারলে দল মানসিকভাবে চাঙা থাকবে।
এআরএম




