বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবাল সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে চালু করেছেন বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’। এই কার্ডকে অধিনায়কদের আজীবন পরিচয়পত্র হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, এটি তাদের ক্রিকেটাঙ্গনে সব ধরনের খেলায় প্রবেশাধিকার দেবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তামিম ইকবাল অধিনায়কদের হাতে এই কার্ড তুলে দেন। অনুষ্ঠানটি একরকম মিলনমেলায় পরিণত হয়, যেখানে দেশের বিভিন্ন সময়ের অধিনায়করা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
তামিম বলেন,‘বেশি কিছু না, আজ থেকে এই কার্ডটা আপনাদের আজীবন পরিচয়পত্র। বাংলাদেশের যত খেলা হয় আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, ঘরোয়া সিরিজ, বিপিএল বা অন্য যেকোনো ম্যাচ; এই কার্ডই হবে আপনার পাস। আমি কখনো চাই না যে আমাদের কোনো অধিনায়ক টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকুন।’
জানা যায়, কার্ডধারীরা স্টেডিয়ামে বিশেষ পার্কিং সুবিধা, প্রিভিলেজ লাউঞ্জ, অবসরের পর স্বাস্থ্য বিমা এবং বিসিবির মেডিকেল সুবিধা পাবেন। এটি শুধু বর্তমান নয়, সাবেক অধিনায়কদেরও ক্রিকেট পরিবারের অংশ হিসেবে সম্মান দেখানোর একটি সুন্দর উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলীসহ অনেকে। তবে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সদ্য সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদও ছিলেন না।
তামিম জানান, তিনি সবার সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ কেউ পরিস্থিতির কারণে আসতে পারেননি। বুলবুলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি হালকা রসিকতা করে বলেন, ‘পরে বুঝলাম আমিও ব্লকড!’ তামিম অনুষ্ঠানে বুলবুলসহ অনুপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনাদের অবদান অনেক।’ তামিম আরও যোগ করেন,‘যারা যারা এখানে আছেন, এখানে রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বোর্ডে কী হয়েছে, তা নিয়েও কথা বলতে চাই না। আমরা সবাই ক্রিকেটার এবং প্রত্যেককে সম্মান করি। এটাই আমার বার্তা ছিল।’




