সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

জেদ্দা থেকে দেশে ফিরেছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

জেদ্দা থেকে দেশে ফিরেছেন মুশফিক
জেদ্দা থেকে দেশে ফিরেছেন মুশফিক। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় কয়েকদিন ধরে জেদ্দায় আটকে ছিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। অবশেষে আজ সোমবার (২ মার্চ) দেশে ফিরলেন তিনি। তার দেশে ফেরার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়েত।

জানা গেছে, ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন মুশফিক। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তার। সে অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনাও দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় ফ্লাইটটি মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে আসে।


বিজ্ঞাপন


গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে পরিস্থিতির বর্ণনা দেন মুশফিক লেখেন, কয়েকদিন আগে ওমরাহ পালন করতে মক্কায় আসেন এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নির্ধারিত সময় অনুযায়ী দেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইটে উঠলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং তার সঙ্গে হাজারো যাত্রীও আটকে আছেন বলে উল্লেখ করেন।

বিষয়টি ব্যক্তিগতভাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তদারকি করবেন বলে জানিয়েছেন। অবশেষে গতকাল রোববার রাতে প্রতিমন্ত্রী নিশ্চিত করেন, মুশফিক সেই রাতেই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। মধ্য রাতের ঠিক পরেই মুশফিক নিজেও ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, সব অনিশ্চয়তা কাটিয়ে তিনি দেশের পথে। আজ সোমবার সকালে তিনি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দুপুরে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। এই সময়ে যারা দুশ্চিন্তা করেছেন এবং মানসিকভাবে আমার পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করি, বিশ্বের চলমান অস্থিরতা যেন শান্ত হয় এবং দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে আসে, ইনশা আল্লাহ।’


বিজ্ঞাপন


এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর