মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নিশাঙ্কার সেঞ্চুরিতে লঙ্কানদের জয়, শঙ্কায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম

শেয়ার করুন:

নিশাঙ্কার সেঞ্চুরিতে লঙ্কানদের জয়, শঙ্কায় অস্ট্রেলিয়া

ঘরের মাঠের চেনা কন্ডিশনে অস্ট্রেলিয়াকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার টর্নেডো সেঞ্চুরিতে অজিদের দেওয়া ১৮২ রানের লক্ষ্য লঙ্কানরা পেরিয়ে গেছে ২ ওভার আর ৮ উইকেট হাতে রেখেই। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার এই দাপুটে জয়ে গ্রুপ 'বি' থেকে টানা তিন জয়ে শেষ আট নিশ্চিত হলো তাদের, অন্যদিকে টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে (১) হারিয়ে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে অজি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। মেন্ডিস ৫১ (৩৮ বলে) রান করে ফিরলেও নিশাঙ্কা মাঠ ছাড়েন জয় নিশ্চিত করে। মাত্র ৫২ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় সাজানো ১০০ রানের এক অপরাজিত ইনিংস খেলেন তিনি। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষদিকে পবন রথনায়েকে ১৫ বলে ২৮ রান করে জয় ত্বরান্বিত করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদায়ের শঙ্কায় অস্ট্রেলিয়া, যে সমীকরণ মেলাতে হবে তাদের

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড মাত্র ৫১ বলে ১০৪ রান তুলে দুইশ ছাড়ানো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন। হেড ২৯ বলে ৫৬ এবং অধিনায়ক মার্শ ২৭ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরলে পথ হারায় অজিরা। শেষ ৫ ওভারে লঙ্কান বোলারদের তোপে মাত্র ৩০ রান তুলতে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফলে ২০ ওভারে ১৮১ রানেই অলআউট হয়ে যায় তারা। শ্রীলঙ্কার পক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ নিজেদের নাগালে রাখেন বোলাররা।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৩ জয়ে সুপার এইট নিশ্চিত করল শ্রীলঙ্কা। অন্যদিকে সমান ম্যাচে ২ হারে টেবিলের তলানিতে থাকা অস্ট্রেলিয়ার বিদায় এখন সময়ের ব্যাপার। এই গ্রুপ থেকে জিম্বাবুয়ে ২ ম্যাচে ২ জয় নিয়ে সুপার এইটের দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর