দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন থেকে পর্দা ওঠবে আইসিসির জমজমাট এ টুর্নামেন্টের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা।
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কানাডা। আর ১০ দিন পরই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে দেশটি। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টের একেবারে নিকটে এসে প্রধান কোচকে ছাটাই করেছে কানাডার ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্বকাপের আগে প্রধান কোচ পাবুদু দাসানায়াকেকে ছাঁটাই করেছে কানাডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিসিএ)। প্রধান কোচকে নিয়ে দলের ক্রিকেটারদের মধ্যে অসন্তোষের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
শ্রীলঙ্কা এবং কানাডার হয়ে খেলা দাসানায়েকে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে কানাডাকে দিয়েই। দ্বিতীয় মেয়াদে ২০২২ সালে দলটির দায়িত্ব নেন তিনি। তাঁর অধীনেই আমেরিকান অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয় দলটি। এছাড়া তাঁর অধীনেই গত বছর ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের আগে ওয়ানডে মর্যাদা ফিরে পায় কানাডা।
তবে কানাডাকে এমন সাফল্য এনে দেয়ার পরও বরখাস্ত হলেন এই কোচ। সিসিএর নবনির্বাচিত সহ-সভাপতি গুরদীপ ক্লেয়ার দাসানায়েকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এ নিয়ে আজ বৈঠকে বসার কথা রয়েছে সিসিএর। এরপরই নতুন কোচের নামও জানা যাবে বলেই ধারণা করা হচ্ছে।




