আগামী ৪ ডিসেম্বর বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হবে ‘২৫তম ইক্বরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) আয়োজিত এ সম্মেলনে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলি। সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর ইক্বরা প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদ।
আরও পড়ুন: বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
এবারের সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ক্বারিরা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন মিসরের ক্বারি ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তাদ ক্বারি মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তাদ ক্বারি আলী রেজা রেয়াঈ, তুরস্কের শায়খ ক্বারি হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদী।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা সভাপতি ও বিশ্বখ্যাত ক্বারি উস্তাদ শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
উল্লেখ্য, ১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও ইলমে কেরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ২৪টি আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজন করেছে।




