সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাবার ছাদে বৃষ্টির পানি নিষ্কাশনে স্বর্ণের নালার ইতিহাস

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

কাবার ছাদে বৃষ্টির পানি নিষ্কাশনে স্বর্ণের নালার ইতিহাস
কাবাঘরের ছাদের সোনালি পানির নালা মিজাবুল কাবা। ছবি: এসপিএ

পবিত্র কাবাঘরের উত্তর পাশে, হিজরে ইসমাইলের দিকে প্রসারিত একটি সোনালি নালা চোখে পড়ে। এর নাম মিজাবুল কাবা, যা মিজাবুর রহমত নামেও পরিচিত। জমজমের পানি বিশ্বজুড়ে মুসলমানদের কাছে সুপরিচিত হলেও কাবাকে ঘিরে এই নালা ও এর পানির ইতিহাস অনেকেরই অজানা।

দূর থেকে ছোট নালা মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস। বৃষ্টির পানি ছাড়াও কাবাঘরের ছাদ ধোয়ার সময় জমে থাকা পানিও এই নালা দিয়ে হিজরে ইসমাইলের দিকে নেমে যায়।

মিজাব কী এবং কেন স্থাপন করা হয়েছিল?

আরবি ‘মিজাব’ শব্দের অর্থ পানির নালা বা পানি নিষ্কাশনের পথ। ছাদে পানি জমে থাকলে স্থাপনার ক্ষতি হতে পারে। তাই জমে থাকা পানি নির্দিষ্ট পথে নামানোর জন্য এই নালা বসানো হয়েছে।

প্রথম নালা স্থাপন

ইসলামের ইতিহাসবিষয়ক বিবরণ অনুযায়ী, প্রথম পানির নালা স্থাপন করেন কুরাইশরা। রাসুলুল্লাহ (স.)-এর নবুয়ত লাভের আগে তারা কাবাঘর পুনর্নির্মাণ করেন। তখন ঘরের উচ্চতা ১৮ হাত রাখা হয়, ছাদ তৈরি হয় এবং বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নালার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: কাবা শরিফের নিচে সুড়ঙ্গ: প্রামাণিক তথ্য ও ইসলামিক দৃষ্টিকোণ

পরে আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.) কাবা পুনর্নির্মাণ করেন। এ সময় ঘরের উচ্চতা আরও নয় হাত বাড়ানো হয়। একই পুনর্নির্মাণে ছাদের পানি হিজরে ইসমাইলের দিকে প্রবাহিত করার জন্য নালাও স্থাপন করা হয়। এরপর বিভিন্ন সময়ে সংস্কারের সঙ্গে নালাটিতেও পরিবর্তন এসেছে।

নালায় সোনার ব্যবহার

শুরুতে নালাটি সোনার তৈরি ছিল না। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদ ইবনে আবদুল মালিকের শাসনামলে, ৯১ হিজরি বা ৭০৯-৭১০ খ্রিষ্টাব্দের দিকে প্রথম এতে সোনা ব্যবহার করা হয়।

আব্বাসীয় আমলেও নালায় পরিবর্তন আসে। খলিফা আল-মুকতাফি ও আন-নাসিরের সময় নতুন নালা নির্মাণের তথ্য পাওয়া যায়। এভাবে বিভিন্ন যুগের শাসকরা কাবার স্থাপত্য ও সৌন্দর্য রক্ষায় নালাটির সংস্কার করেছেন।

উসমানীয় আমলের সোনালি নালা

নালার ইতিহাসে উসমানীয় আমল একটি উল্লেখযোগ্য অধ্যায়। সুলতান আবদুল মাজিদ প্রথম ১২৭৩ হিজরি বা ১৮৫৬-১৮৫৭ খ্রিষ্টাব্দে নতুন নালা তৈরির নির্দেশ দেন। সেটি তৈরি হয়ে ১২৭৬ হিজরি বা ১৮৫৯-১৮৬০ খ্রিষ্টাব্দে কাবায় স্থাপিত হয়।

নালাটি সেগুন কাঠের কাঠামোর ওপর সোনার পাত বসিয়ে তৈরি করা হয়েছিল। এতে সিসাও ব্যবহার করা হয়। গায়ে থুলুথ লিপিতে ক্যালিগ্রাফি খোদাই করা হয়। এ কাজে যুক্ত ছিলেন বিখ্যাত ক্যালিগ্রাফার আবদুল্লাহ আল-জুহদি, যিনি মসজিদে নববির ক্যালিগ্রাফির কাজেও অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: হাজরে আসওয়াদ: জান্নাতি পাথরের রঙ বদলানোর বিস্ময়কর ইতিহাস

বর্তমান নালাটি কতটা সোনার তৈরি?

বর্তমান নালাটি ১৯৯৬ সালের দিকে কাবার ব্যাপক সংস্কারকাজের সময় নতুন করে স্থাপন করা হয়। সৌদি আরবের সরকারি তথ্যভান্ডার সৌদিপিডিয়ার তথ্যমতে, এটি ২৪ ক্যারেটের খাঁটি সোনায় তৈরি। ভেতরে পুরু খাঁটি রুপার আস্তরণ আছে। সোনা ও রুপার মাঝখানে কাঠের কাঠামো ব্যবহার করা হয়েছে।

সৌদিপিডিয়া অনুযায়ী, নালাটির দৈর্ঘ্য প্রায় ২.৫৩ মিটার, প্রস্থ ২৬ সেন্টিমিটার এবং পাশের দেয়ালের উচ্চতা প্রায় ২৩ সেন্টিমিটার। এর বাইরের অংশ দেয়াল থেকে প্রায় ৫৮ সেন্টিমিটার বেরিয়ে রয়েছে। এর মাধ্যমে ছাদের বৃষ্টির পানি নিচে নেমে আসে।

নালাটির নিচের দিকে সোনার তৈরি একটি বিশেষ অংশ রয়েছে, যেটিকে আরবিতে ‘বুরকা’ বলা হয়। এর দুই পাশ ও নিচে থুলুথ লিপিতে বিভিন্ন লেখা খোদাই করা রয়েছে।

মিজাবের পানি নিয়ে হাজিদের আগ্রহ

ঐতিহাসিক বিবরণে পাওয়া যায়, বৃষ্টির সময় অনেক হাজি মিজাবের নিচে গিয়ে সেই পানিতে শরীর ভেজাতেন। কেউ কেউ পানি সংগ্রহ করে সঙ্গে নিয়েও যেতেন।

মধ্যযুগের মুসলিম পর্যটক ইবনে জুবায়ের তাঁর ভ্রমণবিবরণীতে মিজাবের নিচে হাজিদের এমন আচরণের কথা উল্লেখ করেছেন। ইমাম আজরাকিও তাঁর ‘আখবারু মক্কা’ গ্রন্থে মিজাবের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ধর্মীয় বিশ্বাস ও আমলের বিবরণ দিয়েছেন।

তবে মিজাবের নিচে নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যায় বা মানুষ নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়-এমন কোনো বর্ণনা সহিহ হিসেবে প্রমাণিত নয়। তাই এ ধরনের কথাকে হাদিস বা ধর্মীয় বিধান হিসেবে প্রচার করা যাবে না।

এই ছোট্ট নালাটি শুধু পানি নিষ্কাশনের ব্যবস্থা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের প্রাচীন ইতিহাস, মুসলিম শাসকদের সেবার ঐতিহ্য এবং ইসলামি স্থাপত্যের সূক্ষ্ম কারুকাজ। শতাব্দীর পর শতাব্দী ধরে সংস্কার হলেও এর মূল উদ্দেশ্য একই আছে- কাবার ছাদের পানি নিরাপদে নিচে নামিয়ে দেওয়া।

তথ্যসূত্র: সৌদিপিডিয়া, দিরিয়াহ বিয়েনালে ফাউন্ডেশন, আইএফএও, রিহলাতু ইবনে জুবায়ের, আখবারু মক্কা ও হাদিস আনসার

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর