ইবাদতের সামর্থ্য পাওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ। অনেকেই নিয়মিত নামাজ আদায় করতে চান, কোরআন তেলাওয়াত ও জিকিরের অভ্যাস গড়তে চান, তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করেন। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠে না। আবার কেউ এসব আমলে অভ্যস্ত হয়ে যান এবং আল্লাহর ইবাদতে প্রশান্তি খুঁজে পান। ইবাদতের এই সামর্থ্য ও সুযোগকেই বলা হয় তাওফিক।
মানুষের জীবনে অর্থ-সম্পদ, সুস্থতা, পরিবার ও সামাজিক মর্যাদা অনেক বড় নেয়ামত। তবে এসবের পাশাপাশি ইবাদতের তাওফিকও খুব মূল্যবান। কারণ এর মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতের সফলতার পথে এগিয়ে যেতে পারে। কোরআন ও হাদিসের আলোকে যেসব আমল ও বৈশিষ্ট্য ইবাদতের তাওফিক লাভে সহায়ক, সেগুলো তুলে ধরা হলো।
১. তাওহিদ ও ইখলাস বজায় রাখা
ইবাদতের মূল ভিত্তি হলো বিশুদ্ধ ঈমান ও ইখলাস। ইখলাস অর্থ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা। মানুষের প্রশংসা বা দুনিয়াবি কোনো স্বার্থ যেন ইবাদতের উদ্দেশ্য না হয়।
আল্লাহ তাআলা বলেন, ‘যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করেনি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েতপ্রাপ্ত।’ (সুরা আনআম: ৮২)
আয়াতটিতে জুলুম বলতে শিরক বোঝানো হয়েছে। তাই ইবাদতের ক্ষেত্রে শিরক থেকে বেঁচে থাকা এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকা গুরুত্বপূর্ণ।
২. গুনাহ থেকে বেঁচে থাকা
গুনাহ মানুষের অন্তরকে দুর্বল করে এবং ইবাদতের আগ্রহ কমিয়ে দেয়। বিশেষ করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিনের দায়িত্ব।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের যা নিষেধ করা হয়েছে, তার মধ্যে কবিরা গুনাহ থেকে বিরত থাকলে আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাব।’ (সুরা নিসা: ৩১)
আরও পড়ুন: গুনাহ থেকে বিরত থাকতে চান? দিনের শুরুতে এই দোয়া পড়ুন
রাসুলুল্লাহ (স.) বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। (সহিহ মুসলিম: ২৩৩)
৩. বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা
মানুষ ভুল করে, গুনাহে জড়িয়ে পড়ে। তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বারবার তাঁর দিকে ফিরে আসা জরুরি। তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর রহমত কামনা করে।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন।’ (সুরা নুহ: ১০-১২)
তাই প্রতিদিন ‘আস্তাগফিরুল্লাহ’ পড়ার অভ্যাস গড়ে তুলুন। কোনো গুনাহ হয়ে গেলে অনুতপ্ত হয়ে তা ছেড়ে দিন এবং পুনরায় সেই গুনাহে না ফেরার সংকল্প করুন।
৪. জামাতের সঙ্গে নামাজ আদায় করা
নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। পুরুষদের জন্য মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের বিশেষ গুরুত্ব রয়েছে। জামাতের পরিবেশ মানুষকে ইবাদতে উৎসাহিত করে এবং দ্বীনি ভ্রাতৃত্ব দৃঢ় করে।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, কোনো জনপদ বা মরু এলাকায় তিনজন লোক থাকলেও যদি তাদের মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় না হয়, তাহলে শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করে। তাই জামাতকে আঁকড়ে ধরতে বলেছেন তিনি। এরপর বুঝিয়েছেন, নেকড়ে দলছুট ভেড়াকেই আক্রমণ করে। (সুনানে আবু দাউদ: ৫৪৭)
৫. আল্লাহর ওপর ভরসা রাখা
ইবাদতসহ জীবনের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য কামনা করা জরুরি। মানুষ নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, সঠিক সিদ্ধান্ত নেবে এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখবে।
শুআইব (আ.) বলেছিলেন, ‘আমি আমার সাধ্যমতো সংশোধন করতে চাই। আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো সামর্থ্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করি এবং তাঁরই অভিমুখী হই।’ (সুরা হুদ: ৮৮)
আল্লাহ তাআলা আরও বলেন, ‘অতঃপর যখন আপনি সংকল্প করবেন, তখন আল্লাহর ওপর ভরসা করবেন। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৫৯)
আরও পড়ুন: বান্দা যেভাবে চাইলে আল্লাহ খুশি হন
৬. দ্বীনি জ্ঞান অর্জন করা
সঠিকভাবে ইবাদত করতে হলে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। কোন আমল কীভাবে করতে হয়, কোন কাজ হালাল আর কোনটি হারাম, এসব জানা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।’ (সহিহ বুখারি: ৭১; সহিহ মুসলিম: ১০৩৭)
জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে হবে সে অনুযায়ী আমল করা। নিজের জীবনকে কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী গড়ে তোলাই হওয়া উচিত এর মূল লক্ষ্য।
৭. নিজেকে নেক আমলে ব্যস্ত রাখা
নেক আমলে অবিচল থাকতে নিয়মিত ইবাদত ও ভালো কাজ করা জরুরি। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, দরুদ, দান-সদকা ও মানুষের উপকারের মতো আমলে অভ্যস্ত হওয়া উচিত।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যারা সৌভাগ্যবান, তাদের জন্য সৌভাগ্যের আমল সহজ করে দেওয়া হয়। আর যারা দুর্ভাগা, তাদের জন্য দুর্ভাগ্যের আমল সহজ করে দেওয়া হয়।’ এরপর তিনি সুরা লাইলের ৫-১০ নম্বর আয়াত তেলাওয়াত করেন। (সহিহ বুখারি: ১৩৬২)
আল্লাহ তাআলা বলেন, ‘অতএব যে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তার জন্য সহজ পথ সুগম করে দেব।’ (সুরা লাইল: ৫-৭)
৮. বেশি বেশি আল্লাহর জিকির করা
আল্লাহর জিকির মানুষের অন্তরকে সজীব রাখে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে সাহায্য করে। তাই প্রতিদিনের জীবনে জিকিরের অভ্যাস গড়ে তোলা উচিত।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলব না, যা তোমাদের আমলের মধ্যে সর্বোত্তম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি উন্নীতকারী এবং স্বর্ণ-রুপা দান করার চেয়েও উত্তম?’ সাহাবিরা বললেন, অবশ্যই। তিনি বললেন, ‘তা হলো আল্লাহর জিকির।’ (জামে তিরমিজি: ৩৩৭৭)
ঘুমানোর আগে রাসুলুল্লাহ (স.) আলী (রা.) ও ফাতিমা (রা.)-কে ৩৪ বার ‘আল্লাহু আকবার’, ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ এবং ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ পড়ার শিক্ষা দিয়েছিলেন। তিনি জানান, এই আমল তাঁদের জন্য একজন খাদেমের চেয়েও উত্তম। (সহিহ বুখারি: ৩৭০৫; সহিহ মুসলিম: ২৭২৭)
ইবাদতের তাওফিকের জন্য যে দোয়া পড়বেন
ইবাদতের তাওফিক লাভ ও তা অব্যাহত রাখার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া জরুরি। রাসুলুল্লাহ (স.) সাহাবি মুয়াজ ইবনে জাবাল (রা.)-কে প্রত্যেক নামাজের পর একটি দোয়া পড়ার উপদেশ দিয়েছিলেন।
আরবি: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
অর্থ: হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকরিয়া আদায় এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন। (সুনানে আবু দাউদ: ১৫২২)
দোয়াটিতে একজন মুমিনের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে- আল্লাহর স্মরণ, তাঁর প্রতি কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে ইবাদত করার সামর্থ্য।
ইবাদতের তাওফিক আল্লাহর বিশেষ নেয়ামত। তাই নিজের আমল নিয়ে অহংকার না করে সব সময় তাঁর সাহায্য চাইতে হবে। আল্লাহ যেন আমাদের ইবাদতের তাওফিক দান করেন, নেক আমলে অবিচল রাখেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর আনুগত্যের পথে চলার সামর্থ্য দেন। আমিন।
তথ্যসূত্র: সুরা আনআম: ৮২; নিসা: ৩১; নুহ: ১০-১২; হুদ: ৮৮; আলে ইমরান: ১৫৯; লাইল: ৫-১০; সহিহ বুখারি: ৭১, ১৩৬২, ৩৭০৫; সহিহ মুসলিম: ২৩৩, ১০৩৭, ২৭২৭; আবু দাউদ: ৫৪৭, ১৫২২; তিরমিজি: ৩৩৭৭




