দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণেও ইসলামের নির্দেশনা রয়েছে। এর একটি হলো শরীরের একাংশ রোদে এবং অন্য অংশ ছায়ায় রেখে বসে থাকা। এমন অবস্থায় বসে না থেকে জায়গা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন রাসুলুল্লাহ (স.)।
আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের কেউ রোদে অবস্থান করলে- অন্য বর্ণনায় এসেছে, ছায়ায় অবস্থান করলে- এরপর তার ওপর থেকে ছায়া সরে গিয়ে শরীরের কিছু অংশ রোদে এবং কিছু অংশ ছায়ায় পড়ে গেলে সে যেন উঠে যায়।’ (সুনান আবু দাউদ: ৪৮২১)
এ বিষয়ে বুরাইদাহ (রা.) থেকেও বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (স.) ছায়া ও রোদের মাঝখানে বসতে নিষেধ করেছেন। (সুনান ইবনে মাজাহ: ৩৭২২)
আরও পড়ুন: রাস্তায় চলার সময় নবীজি (স.) যেসব বিষয় খেয়াল রাখতেন
হাদিসের ব্যাখ্যায় কোনো কোনো আলেম শারীরিক অস্বস্তি বা ক্ষতির আশঙ্কাকে এ নিষেধের সম্ভাব্য হেকমত হিসেবে উল্লেখ করেছেন। তবে রাসুলুল্লাহ (স.) নিষেধের নির্দিষ্ট কারণ স্পষ্ট করে বলেননি।
তাই এমন পরিস্থিতি তৈরি হলে মুমিনদের জন্য বসার জায়গা পরিবর্তন করে নেওয়া উচিত। এতে রাসুলুল্লাহ (স.)-এর নির্দেশনা অনুসরণ করা হবে।
তথ্যসূত্র: সুনান আবু দাউদ: ৪৮২১; সুনান ইবনে মাজাহ: ৩৭২২




