বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নামাজকে ‘মৃত’ করে দেওয়া শাসকদের বিষয়ে নবীজির সতর্কবার্তা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

নামাজকে ‘মৃত’ করে দেওয়া শাসকদের বিষয়ে নবীজির সতর্কবার্তা

নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কিন্তু এমন এক সময় আসবে, যখন কিছু শাসক নামাজকে তার নির্ধারিত সময় থেকে পিছিয়ে দেবেন, এমনকি নামাজকে ‘মৃত’ করে দেবেন। এ বিষয়ে আগেই সতর্ক করেছিলেন রাসুলুল্লাহ (স.)। হজরত আবু জর গিফারি (রা.)-কে দেওয়া এক নির্দেশনায় তিনি এমন পরিস্থিতিতে একজন মুমিনের করণীয়ও জানিয়ে দিয়েছেন।

হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) তাঁকে বলেন, ‘হে আবু জর! আমার পরে অচিরেই এমন আমির বা শাসকদের আবির্ভাব ঘটবে যারা একেবারে শেষ ওয়াক্তে সালাত আদায় করবে। এরূপ হলে তুমি কিন্তু সময়মতো (সালাতের উত্তম সময়ে) সালাত আদায় করে নিবে। পরে যদি তুমি তাদের সাথে সালাত আদায় করো তাহলে তা তোমার জন্য নাফল হিসেবে গণ্য হবে। আর যদি তা না হয় তাহলে তুমি অন্তত তোমার সালাত রক্ষা করতে সক্ষম হলে।’ (সহিহ মুসলিম: ৬৪৮)

নামাজকে ‘মৃত’ করে দেওয়ার অর্থ কী?

হাদিসে নামাজকে ‘মৃত’ করে দেওয়ার কথা বলা হয়েছে। এর মূল অর্থ হলো, নামাজের নির্ধারিত সময়ের প্রতি অবহেলা করা এবং যথাসময়ে তা আদায় না করা। নামাজের ওয়াক্ত ও সময়ের গুরুত্ব নষ্ট হলে ইবাদতটির অন্যতম গুরুত্বপূর্ণ বিধান লঙ্ঘিত হয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা: ১০৩)

নামাজ যথাসময়ে আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। রাসুলুল্লাহ (স.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি বলেন, ‘সময়মতো নামাজ আদায় করা।’ (সহিহ বুখারি: ৫২৭)

আরও পড়ুন: নামাজের সময় আল্লাহর কত কাছে থাকে মানুষ?

এমন পরিস্থিতিতে করণীয় কী?

হাদিসে রাসুলুল্লাহ (স.) আবু জর (রা.)-কে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। শাসক বা দায়িত্বশীল ব্যক্তিরা নামাজ বিলম্বিত করলেও নিজের ফরজ নামাজ যথাসময়ে আদায় করতে হবে। পরে তাদের সঙ্গে জামাতে নামাজ আদায়ের সুযোগ হলে সেটিও আদায় করতে হবে। তখন দ্বিতীয় নামাজটি তার জন্য নফল হিসেবে গণ্য হবে।

এ নির্দেশনার মাধ্যমে রাসুলুল্লাহ (স.) বুঝিয়ে দিয়েছেন, অন্যের অবহেলার কারণে নিজের ফরজ ইবাদতে অবহেলা করা যাবে না। একই সঙ্গে জামাতের সুযোগও হাতছাড়া করা উচিত নয়। অর্থাৎ নিজের নামাজের দায়িত্ব পালন করতে হবে, আবার জামাতের সঙ্গে নামাজ আদায়ের সুযোগ এলে তাতেও অংশ নিতে হবে।

দায়িত্বশীলদেরও রয়েছে কর্তব্য

হাদিসটিতে শাসকদের নামাজ বিলম্বিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এর মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের প্রতিও একটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যায়। যাদের হাতে মানুষের ওপর কর্তৃত্ব রয়েছে, তাদের উচিত অধীনস্থদের নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করা। সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠানপ্রধান কিংবা পরিবারের অভিভাবক প্রত্যেকেরই এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

হাদিসের শিক্ষা

এ হাদিসের অন্যতম শিক্ষা হলো, নামাজের সময় ও গুরুত্ব রক্ষার দায়িত্ব প্রত্যেক মুসলিমের নিজের। কোনো শাসক বা দায়িত্বশীল ব্যক্তির অবহেলা যেন নিজের ফরজ নামাজ আদায়ে বাধা না হয়। অন্যের ভুলের কারণে নিজের ইবাদতে অবহেলা করা যাবে না।

রাসুলুল্লাহ (স.)-এর সতর্কবার্তা এই শিক্ষা দেয়, নামাজের মর্যাদা রক্ষা করা শুধু দায়িত্বশীলদের কাজ নয়, প্রত্যেক মুমিনের ব্যক্তিগত দায়িত্ব। যথাসময়ে নামাজ আদায় করা এবং অন্যদেরও এ ইবাদত পালনের সুযোগ করে দেওয়া- দুটিই ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।

তথ্যসূত্র: সুরা নিসা: ১০৩; সহিহ বুখারি: ৫২৭; সহিহ মুসলিম: ৬৪৮

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর