সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রতিদিনের জীবনে যেসব জিকির অভ্যাস করবেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

প্রতিদিনের জীবনে যেসব জিকির অভ্যাস করবেন

আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।’ (সুরা আহজাব: ৪১-৪২)

জিকিরের মাধ্যমে মুমিনের অন্তর আল্লাহর স্মরণে সজীব থাকে। এতে গুনাহ মাফ হয়, নেকি বাড়ে এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক দৃঢ় হয়। ব্যস্ততার মধ্যেও প্রতিদিন কিছু জিকির অভ্যাস করা যায়। এমন কয়েকটি গুরুত্বপূর্ণ জিকির ও আমল তুলে ধরা হলো।

১. প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’

‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ অর্থ, আল্লাহর প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করছি।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হলেও ক্ষমা করে দেওয়া হবে। (সহিহ বুখারি: ৬৪০৫)

২. নিয়মিত ইস্তেগফার করা

ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রতিদিন ‘আস্তাগফিরুল্লাহ’ পাঠের অভ্যাস গড়ে তোলা উচিত। রাসুলুল্লাহ (স.) নিজেও প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তাওবা ও ইস্তেগফার করতেন। (সহিহ মুসলিম: ২৭০২)

আরও পড়ুন: ৭টি ছোট ইস্তেগফার: কোরআন-হাদিসে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াগুলো

৩. ফরজ নামাজের পর তাসবিহ পড়া

প্রতিটি ফরজ নামাজের পর তিনবার ‘আস্তাগফিরুল্লাহ’ পড়বেন। এরপর বলবেন, ‘আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।’

এরপর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৩ বার ‘আল্লাহু আকবার’ পড়বেন। সবশেষে ১০০ পূর্ণ করতে পড়বেন- ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’

এই আমলের মাধ্যমে গুনাহ ক্ষমা হওয়ার সুসংবাদ এসেছে। (সহিহ মুসলিম: ৫৯১, ৫৯৭)

৪. চারটি প্রিয় জিকির

রাসুলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটি বাক্য হলো-

  • সুবহানাল্লাহ
  • আলহামদুলিল্লাহ
  • লা ইলাহা ইল্লাল্লাহ
  • আল্লাহু আকবার

এগুলো যেকোনো সময় পাঠ করা যায়। (সহিহ মুসলিম: ২১৩৭)

৫. বেশি বেশি দরুদ পড়া

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠাও।’ (সুরা আহজাব: ৫৬)

সংক্ষিপ্ত দরুদ হিসেবে পড়তে পারেন, ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম।’

রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি তার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করবেন। (সহিহ মুসলিম: ৪০৮)

আরও পড়ুন: দরুদ পড়লে জীবনে রহমত নেমে আসে যেভাবে

৬. ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ পড়া

এই জিকিরের অর্থ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ জান্নাতের গুপ্তধনগুলোর একটি। (সহিহ বুখারি: ৬৩৮৪; সহিহ মুসলিম: ২৭০৪)

৭. সকাল-সন্ধ্যায় তিন কুল পড়া

সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাসকে একসঙ্গে তিন কুল বলা হয়। সকাল ও সন্ধ্যায় প্রতিটি সুরা তিনবার করে পড়ার কথা হাদিসে এসেছে। (সুনানে আবু দাউদ: ৫০৮২; জামে তিরমিজি: ৩৫৭৫)

৮. দৈনন্দিন কাজের মাসনুন দোয়া

প্রতিদিনের বিভিন্ন কাজের শুরু ও শেষে কিছু দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলুন। যেমন-

ঘুমানোর আগে: ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’

ঘুম থেকে ওঠার পর: ‘আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’

খাবার শুরু করার আগে: ‘বিসমিল্লাহ।’

বাড়ি থেকে বের হওয়ার সময়: ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’

ঘুমানোর আগে তিন কুল: দুই হাতের তালু একত্র করে তাতে হালকা ফুঁ দিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়বেন। এরপর দুই হাত দিয়ে শরীরের যতটুকু সম্ভব মুছে নেবেন। এভাবে তিনবার করবেন। (সহিহ বুখারি: ৫০১৭)

দৈনন্দিন জীবনে এসব জিকিরের অভ্যাস গড়ে তুললে অল্প সময়েই অনেক নেকি অর্জন করা সম্ভব। আমলের ক্ষেত্রে নিয়মিত হওয়া গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। (সহিহ বুখারি: ৬৪৬৪)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর