হাজারো শিশু-কিশোরের অংশগ্রহণে রাজধানীর মিরপুরে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে কাফরুল, মিরপুর, পল্লবী, দারুস সালাম ও রূপনগর থানা এলাকার প্রতিযোগীরা অংশ নেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রকল্পের পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসীর সভাপতিত্বে এবং প্রতিযোগিতার পরিচালক মাওলানা এ এম এম কামালুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আগামীর বাংলাদেশে সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের হাফেজে কোরআন, সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের ওলামায়ে কেরাম। আমরা শিশুদের মধ্যে কোরআন মুখস্থ করার উৎসাহ এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা একটি কোরআনিক সমাজ, একটি দুর্নীতিমুক্ত সমাজ এবং একটি ঘুষমুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু নানা ছলেবলে ও তদবিরের মাধ্যমে ক্ষমতায় এসে বর্তমান সরকার আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
সেলিম উদ্দিন বলেন, ‘কোরআনের কথা বললে অনেক সময় মৌলবাদী, রাজাকারসহ নানা ধরনের ট্যাগ দেওয়া হয়। অথচ এই দেশ অসংখ্য আলেম-ওলামার দেশ। দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও কোরআনের শিক্ষা ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোরআনের আলোকে আমরা বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেবো, ইনশাআল্লাহ। আগামীর স্থানীয় নেতৃত্বে আমরা ধার্মিক, সৎ, যোগ্য ও আল্লাহভীরু মানুষের নেতৃত্ব দেখতে চাই। এমন নেতৃত্বই দেশ ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।’
অনুষ্ঠানে নগর উন্নয়ন ফোরামের উপদেষ্টা ড. রেজাউল করিম, মো. মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, নাসির উদ্দীনসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবু তাহের গুলজারসহ মোট ২৮ জন।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি, হিফজ বা কোরআন মুখস্থ করার প্রতি উৎসাহ দেওয়া এবং কোরআনভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
টিএই/এএম




