সৌদি আরবের পবিত্র মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এখন থেকে শহরটির মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে।
সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ সম্প্রতি এ অনুমোদন দিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহাসিক মসজিদের পাশাপাশি মদিনার বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে। ফলে শহরের বাইরে থাকা বা কর্মজীবী নারীরাও নামাজের সময় মসজিদে গিয়ে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
এতদিন মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান কেবল জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন অনুমোদনের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের সময়ই নারীদের জন্য এসব স্থান খোলা রাখার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন
মসজিদ রক্ষায় এক পায়ে লড়েছিলেন, সেই নেপালিকে সৌদির উপহার
নবীজির রওজায় গিয়ে যেভাবে সালাম দেবেন
সৌদি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কোনো কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। তারা কাছাকাছি মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
তবে মসজিদে নববী এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। কারণ বিশ্বের অন্যতম পবিত্র এই মসজিদে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারিত রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন
জেবি




