রাসুলুল্লাহ (স.)-এর দুধ মা ও দুধ ভাই-বোনদের পরিচয় তুলে ধরেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। রোববার (২৩ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ-সংক্রান্ত একটি ডিজিটাল তথ্যচিত্র (ইনফোগ্রাফিক) প্রকাশ করেন।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘রাসুল (স.)-এর দুধ মা ও দুধ ভাই-বোনদের পরিচয়।’
আজহারীর প্রকাশিত তথ্যচিত্রে রাসূলুল্লাহ (স.)-এর দুই দুধ মা এবং তাঁদের মাধ্যমে প্রতিষ্ঠিত দুধ সম্পর্কের কয়েকজনের পরিচয় তুলে ধরা হয়েছে।
রাসুলুল্লাহ (স.)-এর প্রথম দুধ মা ছিলেন সুওয়াইবা (রা.)। তিনি তাঁকে কয়েক দিন দুধ পান করান। পরে হালিমা সাদিয়া (রা.) রাসুলুল্লাহ (স.)-কে দুধ পান করান এবং দীর্ঘ সময় নিজের কাছে লালন-পালন করেন।
হালিমা সাদিয়া (রা.)-এর ঘরের দুধ ভাই-বোনদের মধ্যে ছিলেন আনিসা বিনতে হারিস, শাইমা বিনতে হারিস ও আবদুল্লাহ ইবনে হারিস।
আরও পড়ুন: রবিউল আউয়াল শুরু, নবীজির ভালোবাসায় যে আমলগুলো করা চাই
এ ছাড়া রাসুলুল্লাহ (স.)-এর দুধ ভাই হিসেবে তাঁর আপন চাচা হামজা ইবনে আবদুল মুত্তালিব (রা.) এবং চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারিস (রা.)-এর নামও তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।
সীরাতের বিভিন্ন বর্ণনায় রাসূলুল্লাহ (স.)-এর আরও কয়েকজন দুধ ভাইয়ের পরিচয় পাওয়া যায়। তাঁদের মধ্যে আবু সালামা আবদুল্লাহ ইবনে আবদুল আসাদ (রা.)-এর নাম উল্লেখযোগ্য। এ ছাড়া মাসরূহের নামও কিছু সূত্রে দুধ ভাই হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইসলামি শরিয়তে দুধ সম্পর্কের বিশেষ গুরুত্ব রয়েছে। নির্দিষ্ট শর্তে একই নারীর দুধ পান করার মাধ্যমে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তা বিয়ের মতো কিছু বিধানের ক্ষেত্রে রক্তসম্পর্কের অনুরূপ প্রভাব সৃষ্টি করে। এ কারণে রাসুলুল্লাহ (স.)-এর দুধ মা ও দুধ ভাই-বোনদের পরিচয় সীরাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়।




