শিক্ষাঙ্গন শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি মানুষের চরিত্র, মূল্যবোধ ও ব্যক্তিত্ব গঠনের অন্যতম ক্ষেত্র। একজন শিক্ষার্থী সেখানে শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না, একই সঙ্গে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সহনশীলতা ও আদবও শেখে। একজন মুসলিম শিক্ষার্থীর জন্য এসব গুণ আরও তাৎপর্যপূর্ণ, কারণ ইসলাম জ্ঞান অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র ও নৈতিক উৎকর্ষের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
বর্তমান সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতভেদ, উত্তেজনা ও সহিংসতার ঘটনা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় একজন মুসলিম শিক্ষার্থীর করণীয় কী হওয়া উচিত, সে বিষয়ে ইসলাম সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।
জ্ঞান অর্জন হবে প্রধান লক্ষ্য
ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা ওহির শুরুতেই ইরশাদ করেন, ‘পড়ুন, আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ (সুরা আলাক: ১)। অন্যত্র তিনি বলেন, ‘যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান?’ (সুরা জুমার: ৯)
একজন মুসলিম শিক্ষার্থীর প্রথম দায়িত্ব হলো আন্তরিকতার সঙ্গে জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানকে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণে কাজে লাগানোর নিয়ত করা। শিক্ষার পরিবেশ নষ্ট করে বা অন্যের অধিকার ক্ষুণ্ন করার মতো কোনো কর্মকাণ্ডে জড়ানো একজন মুসলিম শিক্ষার্থীর জন্য শোভন নয়।
শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও আদব
ইসলামে জ্ঞান ও জ্ঞানদাতার মর্যাদা অত্যন্ত উচ্চ। তাই শিক্ষকের প্রতি সম্মান, বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ একজন মুসলিম শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। কোনো বিষয়ে শিক্ষকের সঙ্গে মতভেদ হলেও তা শালীন ভাষায় এবং যথাযথ আদব বজায় রেখে উপস্থাপন করা উচিত। কারণ আদব জ্ঞান অর্জনের অন্যতম ভিত্তি।
আরও পড়ুন: ইসলামে শিক্ষকের মর্যাদা
উত্তম চরিত্র ও সহপাঠীদের সঙ্গে আচরণ
ইসলামে উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যার চরিত্র সর্বোত্তম।’ (সহিহ বুখারি: ৬০৩৫)
তাই শিক্ষাঙ্গনে শিক্ষক, সহপাঠী ও কর্মচারীদের সঙ্গে ভদ্রতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও ভ্রাতৃত্ব শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলে।
মতভেদ ও সংঘাত এড়িয়ে চলা
মতের পার্থক্য থাকা স্বাভাবিক। তবে সেই মতভেদ যেন বিদ্বেষ, অপমান বা সংঘর্ষে রূপ না নেয়।
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘মন্দকে প্রতিহত করো উত্তম দ্বারা। তখন দেখবে, যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে হবে অন্তরঙ্গ বন্ধুর মতো।’ (সুরা ফুসসিলাত: ৩৪)
উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও সংযম বজায় রাখা একজন মুমিনের শক্তির পরিচয়। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে। শক্তিশালী হলো সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি: ৬১১৪)
পরীক্ষায় সততা ও আমানতদারি
শিক্ষাঙ্গনে সততা বজায় রাখা ঈমানের দাবি। পরীক্ষায় নকল করা, জালিয়াতি করা কিংবা অন্যের মেধাকে নিজের বলে চালিয়ে দেওয়া ইসলামের দৃষ্টিতে গুরুতর প্রতারণা।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি ধোঁকা দেয় বা প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ মুসলিম: ১০১)
তাই অর্জিত সার্টিফিকেট, মেধা ও যোগ্যতার আমানত রক্ষা করা একজন প্রকৃত মুসলিম শিক্ষার্থীর অন্যতম বৈশিষ্ট্য।
আরও পড়ুন: ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন: কোরআন-সুন্নাহর আলোকে একটি সমন্বিত রূপকল্প
সোশ্যাল মিডিয়া ও গুজবে সতর্কতা
বর্তমান সময়ে অনেক সংঘাতের পেছনে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিদ্রূপ ও উসকানিমূলক বক্তব্য।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমরা একে অপরকে বিদ্রূপ করো না... এবং পরস্পরের গিবত করো না।’ (সুরা হুজুরাত: ১১-১২)
তিনি আরও ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।’ (সুরা হুজরাত: ৬)
তাই কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার করা, গিবত, অপবাদ ছড়ানো কিংবা ট্রলের মাধ্যমে অন্যকে হেয় করা একজন মুসলিম শিক্ষার্থীর জন্য শোভন নয়।
শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা
একজন মুসলিম শিক্ষার্থীর জীবনে সময়ের মূল্য অপরিসীম। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্য দাও: বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সচ্ছলতা, ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন।’ (মুস্তাদরাকে হাকেম: ৭৮৪৬)
ক্লাসে নিয়মিত উপস্থিতি, সময়মতো পড়াশোনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা শৃঙ্খলার অংশ। সালাত একজন মুসলিমকে সময়ানুবর্তিতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। নিয়মিত ইবাদত দায়িত্ববোধ, শৃঙ্খলা ও আত্মসংযম গড়ে তুলতে সহায়তা করে। সময় নষ্ট করা কিংবা দায়িত্বে অবহেলা করা একজন মুসলিম শিক্ষার্থীর জন্য কাম্য নয়।
আরও পড়ুন: সময়ের মূল্য: কোরআন ও হাদিস কী বলে
জ্ঞানের সঙ্গে বিনয় ও অহংকার বর্জন
জ্ঞান অর্জনের উদ্দেশ্য অন্যকে ছোট করা নয়, বরং নিজেকে আলোকিত করা এবং মানুষের উপকারে আসা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে দম্ভভরে বিচরণ করো না।’ (সুরা লোকমান: ১৮)
জ্ঞান যত বাড়বে, একজন মুসলিম শিক্ষার্থীর বিনয়ও তত বৃদ্ধি পাওয়া উচিত। প্রকৃত জ্ঞান মানুষকে নম্র, দায়িত্বশীল এবং মানুষের কল্যাণে আত্মনিয়োগে উদ্বুদ্ধ করে।
নেতৃত্ব মানে দায়িত্ব, আধিপত্য নয়
শিক্ষাঙ্গনে নেতৃত্বের দায়িত্ব পেলে তা আমানত হিসেবে পালন করতে হবে। নেতৃত্বের নামে আধিপত্য বিস্তার, বিভেদ সৃষ্টি বা অন্যের প্রতি অন্যায় করা ইসলামের শিক্ষা নয়।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি: ৮৯৩)
তাই নেতৃত্বের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীর পরিচয় হবে ন্যায়পরায়ণতা, সেবার মনোভাব ও দায়িত্বশীলতায়। সে মানুষের অধিকার রক্ষা করবে এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
উপকারী জ্ঞানের দোয়া ও নিয়ত
একজন মুসলিম শিক্ষার্থীর লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং এমন জ্ঞান অর্জন করা, যা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে কাজে আসে। এ জন্য রাসুলুল্লাহ (স.) আল্লাহর কাছে উপকারী জ্ঞানের জন্য দোয়া করতেন-
‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ।’
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি।’
শিক্ষাঙ্গনে একজন মুসলিম শিক্ষার্থীর পরিচয় হবে তার জ্ঞান, আদব, সততা, তাকওয়া ও উত্তম চরিত্রে। শক্তি বা আধিপত্য নয়, ন্যায়, শিষ্টাচার, আত্মসংযম এবং মানুষের কল্যাণের মাধ্যমেই সে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরতে পারে। এমন শিক্ষার্থীই পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর সম্পদ হয়ে ওঠে।




