উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র এবং আল্লামা মনজুর নোমানী (রহ.)-এর সুযোগ্য সন্তান শায়খ ড. খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ১১ দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। গত ১২ জুলাই (রোববার) তিনি ঢাকায় পৌঁছান। আগামী ২৩ জুলাই পর্যন্ত তাঁর এই সফরে ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রামে বিভিন্ন সেমিনার, কর্মশালা, মতবিনিময় সভা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের শুরুতে ১৩ জুলাই তিনি সোনারগাঁওয়ে শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা (রহ.)–এর মাজার জিয়ারত করেন এবং সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান দেন। একই দিন বাদ মাগরিব রাজধানীর মিরপুর-১২-এর মদ্বলুল কুরআন মাদরাসায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
১৪ জুলাই আশুলিয়ার জামিয়া নুরিয়া দারুল উলুম মাদরাসায় উলামা ও তলাবাদের উদ্দেশে বয়ান দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: সংবিধান সংশোধন ও ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি
১৫ জুলাই সকালে মিরপুর-১২–এর দারুর রাশাদ মাদরাসায় ‘হুজ্জাতুল্লাহিল বালিগাহ’ কোর্সের সনদ প্রদান এবং ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন। একই দিন বাদ এশা মিরপুর-১৩-এর দারুল উলুম মাদরাসায় বয়ান করবেন।
১৬ জুলাই সকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্যালয়ে উলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সমকালীন বাস্তবতা ও চ্যালেঞ্জ: জীবনমুখী সমাধানে ইসলাম’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেবেন। পরে বাদ এশা ধানমন্ডির হাফেজ কমার সাহেবের মাদরাসায় বয়ান করবেন।
১৭ জুলাই সকালে মিরপুর-১৩–এর ৪ নম্বর মার্কেট কমিউনিটি সেন্টারে ‘কওমি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’য় অংশ নেবেন। একই দিন বাদ মাগরিব খিলগাঁওয়ের আইকন স্কুলে পেশাজীবী ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
১৮ জুলাই সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বাদ মাগরিব মোহাম্মদপুরের আন-নূর নেশ মাদরাসায় দাঈদের উদ্দেশে বয়ান করবেন।
আরও পড়ুন: ‘আলেম-উলামাদের আকিদাগত বিভ্রান্তি রোধে ঐক্যবদ্ধ হতে হবে’
১৯ জুলাই কক্সবাজার পাবলিক হলে ‘সমাজ সংস্কারে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)–এর চিন্তাধারা ও অবদান’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন।
২০ জুলাই চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘উম্মাহর জাগরণে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)–এর চিন্তাধারা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক কনফারেন্সে অংশ নেবেন।
২১ জুলাই চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা, পটিয়া মাদরাসা ও দারুল মাআরিফসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উলামা ও তলাবাদের উদ্দেশে বয়ান করবেন।
২২ জুলাই রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘সমকালীন বিশ্ব-বাস্তবতায় উম্মাহর সংকট উত্তরণে আলেম সমাজের করণীয়’ শীর্ষক বিশেষ সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এতে দেশের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, ইসলামি লেখক, গবেষক ও পেশাজীবীরা অংশ নেবেন।
সফর শেষে ২৩ জুলাই দুপুরে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণে সফরের কর্মসূচিতে পরিবর্তন হতে পারে।




