পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে হিসাব-নিকাশ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ অধিকাংশ দেশে ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনাই বেশি।
সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন পূর্ণ হবে। ফলে জিলকদ মাস ৩০ দিনে সম্পন্ন হলে সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই হিসাব অনুসরণ করে সংযুক্ত আরব আমিরাতও ২৭ মে ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। দেশটির গণনা অনুযায়ী, আরাফাতের দিন পড়বে ২৬ মে।
বিজ্ঞাপন
এদিকে পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও জানিয়েছেন, তাদের দেশে ২৭ মে ঈদ উদযাপিত হতে পারে।
আরও পড়ুন: দেখা গেছে জিলকদের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
তবে ইউরোপ ও যুক্তরাজ্যে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদ শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবনধারাবিষয়ক প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।
বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে দেশে ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদের তারিখ। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণাই হবে চূড়ান্ত।




