হজ মৌসুমে হজযাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক করতে মক্কা–মদিনা রুটে চলাচলকারী হারামাইন হাই-স্পিড রেলওয়ের সক্ষমতা বাড়িয়েছে সৌদি আরব।
সৌদি আরব রেলওয়েজ (এসএআর) জানিয়েছে, হজ মৌসুমে হারামাইন ট্রেনের সক্ষমতা ২.২১ মিলিয়নের বেশি আসনে উন্নীত করা হয়েছে। হজ মৌসুমে যাত্রীদের চাপ সামাল দিতে পরিচালনা করা হবে ৫ হাজার ৩০০টিরও বেশি ট্রিপ।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ জানায়, হজ মৌসুমে ৩৫টি আধুনিক বৈদ্যুতিক ট্রেন সার্ভিসে থাকবে। প্রতিটি ট্রেনে ৪১৭ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। প্রায় ৪৫৩ কিলোমিটার দীর্ঘ এই রুটে ট্রেনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলাচল করে।
আরও পড়ুন: নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে সৌদির ব্যাপক প্রস্তুতি
হারামাইন হাই-স্পিড রেলওয়ে মক্কা, জেদ্দা, কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটি এবং মদিনাকে সংযুক্ত করেছে। ফলে হজযাত্রীরা বিমানবন্দর থেকে সরাসরি পবিত্র শহরগুলোতে দ্রুত পৌঁছাতে পারবেন।
সৌদি রেলওয়েজ বলছে, এতে করে হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী হবে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির বিষয় হবে।
বিজ্ঞাপন
একনজরে হারামাইন ট্রেন সার্ভিস
- মোট আসন: ২২.১ লাখ
- ট্রিপ: ৫,৩০০টির বেশি
- ট্রেন: ৩৫টি বৈদ্যুতিক
- গতি: ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিমি
- রুট: মক্কা-জেদ্দা-এয়ারপোর্ট-মদিনা
সূত্র: গালফ নিউজ




