ইসলামে ইবাদতের মধ্যে নামাজ সর্বাধিক গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে নির্ধারিত সময়ে নামাজ কায়েমের নির্দেশ রয়েছে। তবে বর্তমানের প্রতিযোগিতামূলক করপোরেট জীবনে দীর্ঘ মিটিং, জরুরি প্রজেক্ট কিংবা কাজের চাপে অনেক সময় নামাজের ওয়াক্ত পার হয়ে যাওয়ার উপক্রম হয়।
এ পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রেখে কীভাবে ইবাদতের দায়িত্ব পালন করা যায়, সেটিই এখন অনেক মুসলিম কর্মজীবীর জন্য বড় চ্যালেঞ্জ।
সময়মতো নামাজ আদায়ের অন্তরায়
অফিসকেন্দ্রিক জীবনে কিছু সাধারণ কারণ নামাজ আদায়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘস্থায়ী বৈঠক, নামাজের নির্দিষ্ট স্থান বা অজুখানার অভাব এবং কাজের চাপে সময়ের হিসাব হারিয়ে ফেলা এর অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার নেতিবাচক দৃষ্টিভঙ্গির আশঙ্কায় অনেকে সংকোচবোধ করেন, যা নামাজের কথা স্পষ্টভাবে তুলে ধরার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
কার্যকর কৌশল ও পরিকল্পনা
সচেতন পরিকল্পনাই হতে পারে এ সমস্যার টেকসই সমাধান। দিনের শুরুতেই কাজের তালিকার (টু-ডু লিস্ট) সঙ্গে নামাজের ওয়াক্তগুলো মিলিয়ে নেওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ মিটিং বা অ্যাসাইনমেন্ট এমনভাবে সাজানো উচিত, যাতে তা নামাজের সময়ের সঙ্গে সাংঘর্ষিক না হয়।
আরও পড়ুন: অফিস আদালতে আজান ছাড়া নামাজ পড়ার বিধান
বিজ্ঞাপন
একটি বাস্তবসম্মত কৌশল হলো- ওয়াক্ত হওয়ার আগেই অজু করে রাখা। এতে মাত্র ৫ থেকে ১০ মিনিটের সংক্ষিপ্ত বিরতিতেই ফরজটুকু আদায় করে দ্রুত কাজে ফেরা সম্ভব হয়। কাজের চাপ অত্যন্ত বেশি থাকলে সুন্নত বা নফল কমিয়ে শুধু ফরজ আদায় করা যেতে পারে। ব্যস্ততার মধ্যে সময় স্মরণে রাখতে মোবাইল অ্যালার্মের সহায়তা নেওয়াও বেশ কার্যকর।
কর্তৃপক্ষের সঙ্গে সংলাপ
অধিকাংশ কর্মক্ষেত্রেই নামাজের সংক্ষিপ্ত বিরতিতে সাধারণত আপত্তি থাকে না। তবে বিশেষ সমস্যা হলে বিনীতভাবে ব্যবস্থাপক বা মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে কথা বলা যেতে পারে। তাদের বোঝানো সম্ভব যে, নামাজের বিরতি মানসিক প্রশান্তি ও একাগ্রতা বাড়ায়, যা প্রকারান্তরে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক।
প্রয়োজনে বিকল্প প্রস্তাব দেওয়া যেতে পারে; যেমন- নামাজের সময়টুকু মধ্যাহ্নভোজের বিরতি থেকে সমন্বয় করা অথবা অফিস শেষে অতিরিক্ত কিছু সময় কাজ করে তা পুষিয়ে দেওয়া। এ ধরনের প্রস্তাব একজন কর্মীর দায়িত্বশীলতারই পরিচয় দেয়।
আরও পড়ুন: টি-শার্ট পরে নামাজ পড়ার বিধান
স্থান সংকুলান ও জরুরি পরিস্থিতি
অফিসে আলাদা নামাজের ঘর না থাকলে পরিচ্ছন্ন কোনো কোণ বা নিজের ডেস্কের পাশে ছোট জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা যায়। তবে কখনও এমন অনিবার্য পরিস্থিতি তৈরি হতে পারে- যেমন জটিল অপারেশন বা অত্যন্ত সংবেদনশীল বৈঠক, যেখান থেকে ওঠা সম্ভব নয়। এ ক্ষেত্রে নামাজ কাজা হয়ে গেলে দ্রুততম সময়ে তা আদায় করে নিতে হবে। তবে এটি যেন অভ্যাসে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি।
ভারসাম্যই সমাধান
অফিসের দায়িত্ব যেমন একটি আমানত, তেমনি নামাজও আল্লাহর হক। এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করাই একজন সচেতন মুমিনের বৈশিষ্ট্য। আন্তরিকতা ও দৃঢ় ইচ্ছা থাকলে কর্মজীবনের পাশাপাশি ইবাদত পালন সম্ভব। রিজিকের মালিক আল্লাহ; তাঁর নির্দেশ মানলেই জীবিকা ও কর্মে আসে প্রকৃত বরকত।

