ভালো কাজের পুরস্কার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট। আল্লাহ তাআলা প্রতিটি ভালো কাজেরই পুরস্কার দেন, তবে সময় ও স্থান ভিন্ন হয়। কেউ দুনিয়াতেই পুরস্কার পায়, কেউ পরকালে, আবার কেউ উভয় জগতেই পায়।
দুনিয়াতেই পুরস্কার
অনেক অমুসলিম ব্যক্তি পরোপকার, সততা ও সত্যবাদিতার মতো গুণে গুণান্বিত থাকেন। তাদেরকে দুনিয়াতে পুরস্কার দেওয়া হয়। সুনাম, সুখ্যাতি, প্রাচুর্য, ক্ষমতা ইত্যাদি দিয়ে তাদের ইহকালীন জীবন সমৃদ্ধ করা হয়। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যখন কোনো অবিশ্বাসী কোনো ভালো কাজ করে, তখন পার্থিব জীবনে তাদের প্রতিদান দিয়ে দেওয়া হয়। আর কোনো মুমিন ব্যক্তি যখন ভালো কাজ করে, তখন আল্লাহ পরকালে তার জন্য সওয়াব লিপিবদ্ধ করে রাখেন এবং পার্থিব জীবনে তার আনুগত্যের প্রতিদান হিসেবে উত্তম জীবিকা দান করেন।’ (সহিহ মুসলিম: ২৮০৮)
আরও পড়ুন: ঈমানের দাওয়াত যারা পায়নি তাদের বিচার কীভাবে হবে
পরকালের জন্য সঞ্চিত
মুমিনদের অনেক ভালো কাজের পুরস্কার পরকালের জন্য জমা থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারা হবে ওই সব জান্নাতের অধিবাসী, যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, তারা সেখানে চিরদিন বসবাস করবে। এটাই হলো বড় পুরস্কার।’ (সুরা বুরুজ: ১১)
বিজ্ঞাপন
দুনিয়া ও পরকাল উভয় জগতে
কোনো কোনো মুমিন দুনিয়া ও পরকাল উভয় জগতেই পুরস্কার পান। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘একটি নেকির ক্ষেত্রেও আল্লাহ তাআলা কোন মুমিন বান্দার প্রতি অবিচার করবেন না। তিনি এর ফলাফল দুনিয়াতে দান করবেন এবং আখেরাতেও দান করবেন...।’ (সহিহ মুসলিম: ২৮০৮) অর্থাৎ মুমিন বান্দার ভালো কাজের প্রতিদান আল্লাহর ইচ্ছা অনুযায়ী বন্টন হবে। কেউ পরকালে বেশি পারিমাণে পেতে পারে অথবা কেউ দুনিয়া-আখেরাত উভয় জগতেও পেতে পারে। কাউকে নিরাশ করা হবে না।
আরও পড়ুন: পরকালে ১০ শ্রেণির মানুষের ভয়-চিন্তা নেই
ঈমানবিহীন কাজের পরিণাম
যারা ঈমানের দাওয়াত পেয়েও প্রত্যাখ্যান করে, তাদের দুনিয়ার ভালো কাজগুলো পরকালে মূল্যহীন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।’ (সুরা ফুরকান: ২৩)
দাওয়াত না পাওয়াদের অবস্থা
যাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছেনি, আল্লাহ তাআলা বলেন, ‘আমি রাসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না।’ (সুরা বনি ইসরাঈল: ১৫) হাদিসে বর্ণিত হয়েছে, কেয়ামতের দিন তাদের থেকে আল্লাহ আনুগত্যের পরীক্ষা নেবেন। পরীক্ষায় পাস করলে পুরস্কার দেবেন।
চূড়ান্ত বার্তা
আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ‘নিশ্চয়ই যারা ভালো কাজ করে আমি তাদের কাজের প্রতিদান নষ্ট করি না।’ (সুরা কাহাফ: ৩০) প্রতিটি ভালো কাজই কোনো না কোনোভাবে পুরস্কৃত হয়—হয় দুনিয়ায়, নয় পরকালে, নয়তো উভয় জগতেই।




