রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

পথহারাদের পথ দেখানোর ফজিলত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

পথহারাদের পথ দেখানোর ফজিলত

পথহারাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া মহৎ একটি কাজ। ইসলামে এটি গুরুত্বহীন কোনো কাজ নয়। রাসুলুল্লাহ (স.) এই কাজকে সদকা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন- وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلاَلِ لَكَ صَدَقَةٌ ‘পথ না চেনা ব্যক্তিকে পথ দেখিয়ে দেয়া তোমার জন্য একটি সদকা।’ (জামে তিরমিজি: ১৯৫৬)

পথে-ঘাটে এমন অনেক মানুষ পাওয়া যায়, যারা না চিনে ভুল পথ ধরে হাঁটছেন বা গন্তব্য চিনতে পারছেন না। তাদের যখন আপনি পথ দেখিয়ে দেন, হয়ত আপনি ভাবছেন এটি তেমন কোনো কাজ নয়। অথচ তার কতবড় উপকার করলেন সেটা শুধু ওই ব্যক্তিই উপলব্ধি করতে পারেন। সাহাবায়ে কেরাম পথহারাদের সঠিক পথ দেখিয়ে দিতেন। এমনকি পথিকের প্রয়োজনে যত্ন-আপ্যায়নও করতেন।


বিজ্ঞাপন


হজরত আবু যর (রা.) বলেন, নবী মুহাম্মদ (স.) এর পুরোপুরি খোঁজ-খবর নিতে আমি নিজেই মক্কা শহরে পৌঁছলাম। কিন্তু তাঁকে চিনলাম না। কাউকে যে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করব সে সাহসও হচ্ছিল না। ফলে আমি মসজিদে বসে রইলাম। হজরত আলী (রা.) আমাকে দেখে বুঝলেন, আমি মুসাফির। সাথে করে বাসায় নিয়ে গেলেন। পানাহারের ব্যবস্থা করলেন। কোনো কিছু জিজ্ঞেস করলেন না। দ্বিতীয় দিনও তিনি আমাকে মসজিদে ওরকম দেখতে পেলেন, ফলে আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন। আমি কাউকে কিছু না বলার শর্তে তা জানালাম। তিনি আমাকে বললেন- أَمَا إِنَّكَ قَدْ رَشَدْتَ، هَذَا وَجْهِي إِلَيْهِ فَاتَّبِعْنِي، ادْخُلْ حَيْثُ أَدْخُلُ ‘আপনি সঠিকের সন্ধান পেয়েছেন। আমিও সেদিকেই যাচ্ছি। আপনি আমার সাথে চলুন। আমি যেখানে প্রবেশ করব আমার সাথে সাথে প্রবেশ করবেন। অতঃপর হজরত আলী (রা.) আমাকে নবীজি (স.)-এর কাছে পৌঁছে দিলেন। (সহিহ বুখারি: ৩৫২৮)

আরও পড়ুন: আবু বকর (রা.) সম্পর্কে ওমর (রা.) বর্ণিত সুন্দর একটি হাদিস

এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি দিক হলো- অন্ধ, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধিদের রাস্তা পারাপারে সাহযোগিতা করা। এছাড়াও বোঝা বহনকারীকে সাহায্য করা বড় সওয়াবের কাজ। এক হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘কোনো ব্যক্তিকে সওয়ারির ওপর আরোহণে সাহায্য করা অথবা তার মালামাল সওয়ারির ওপরে তুলে দেয়াও একটি সদকা।’ (মুসলিম: ২২২৫)

আমরা অনেকেই জানি না, পথহারাকে পথ দেখিয়ে দেওয়াও রাস্তার হকের অন্তর্ভুক্ত। রাস্তার হক সম্পর্কে রাসুল (স.) বললেন, দৃষ্টিকে অবনত রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ হতে বিরত রাখা রাস্তার হক। (সহিহ বুখারি: ৬২২৯) বিভিন্ন বর্ণনায় আরও এসেছে- পথহারাকে পথ দেখিয়ে দেওয়া, মাজলুম ও বিপদগ্রস্তকে সাহায্য করা, ৭. বোঝা বহনকারীকে (বোঝা উঠানো বা নামানোর ক্ষেত্রে) সহযোগিতা করা, ভালো কথা বলা ও হাঁচির জবাব দেওয়াও রাস্তার হক। (আবু দাউদ: ৪৮১৯; মুসনাদে বাজজার: ৫২৩২; সহিহ মুসলিম: ২১৬১; মুসনাদে আবি ইয়ালা: ৬৬০৩)


বিজ্ঞাপন


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পথহারা মানুষকে সহযোগিতা করার তাওফিক দান করুন। বিপদগ্রস্ত যেকোনো মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর