শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বাজারে সিন্ডিকেটকারীদের পরিণাম জানিয়ে দিলেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

বাজারে সিন্ডিকেটকারীদের পরিণাম জানিয়ে দিলেন শায়খ আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, বাজারে সিন্ডিকেটকারীরা প্রকৃত মুসলমান নয়। সিন্ডিকেটের মাধ্যমে উপার্জিত সম্পদই একদিন সিন্ডিকেটকারীদের জাহান্নামের আগুনে পোড়ার কারণ হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। এদেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ সিন্ডিকেট। এক শ্রেণির অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে দেশের কোটি কোটি মানুষ সব সময়ই কষ্টের শিকার হয়।

নবীজি (স.) বলেছেন, পাপাচারী লোক ছাড়া কেউ মজুতদারী ও সিন্ডিকেট করতে পারে না। (সহিহ মুসলিম: ১৬০৫)

আরও পড়ুন: পৃথিবীতে ইসলাম একটাই, নদীয়ার ইসলাম বলতে কিছু নেই: শায়খ আহমাদুল্লাহ

মজুতদারী ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া ব্যবসায়ী যতই নামাজ, রোজা, হজ, ওমরা কিংবা দান-সদকা করুক না কেন, দুনিয়াতে সে প্রকৃত মুসলিম এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবে না। বরং যে সম্পদের জন্য তাদের এত আয়োজন, সেই সম্পদই একদিন তাদের জাহান্নামের আগুনে পোড়ার কারণ হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সরকারি টাকায় হজ করা বিলাসিতা: শায়খ আহমাদুল্লাহ

যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছেন, খেটে খাওয়া মানুষের আর্তনাদ কি তাদের কানে পৌঁছে না! যারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের প্রতি অনুরোধ, গণমানুষের কষ্ট এবং আল্লাহর সামনে দাঁড়াবার কথা চিন্তা করে এই অন্যায় থেকে ফিরে আসুন। যে সম্পদ থেকে মজলুমের আর্তনাদ ভেসে আসে, সেই সম্পদ মানুষকে ধনী বানালেও সুখী বানাতে পারে না।

‘সিন্ডিকেট, মজুতদারি দূর করতে নৈতিকতার চর্চা এবং এর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। পাশাপাশি খাবারে ভেজাল দিয়ে যারা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।’

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর