রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৪, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়বেন

বৃষ্টি অধিকাংশ সময় আল্লাহর রহমত। বৃষ্টিপাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেন। উত্তপ্ত পরিবেশ শীতল করেন। বৃষ্টির কারণে প্রাণীকুলের নানাবিধ উপকার হয়। বৃষ্টি দেখলে দোয়া পড়া সুন্নত। বৃষ্টি শুরু হলে ছোট্ট একটি দোয়ার কথা এসেছে হাদিস শরিফে।

দোয়াটি হলো— اللَّهُمَّ صيبا نَافِعًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ।’ অর্থ: ‘হে আল্লাহ, মুষলধারে কল্যাণকর বৃষ্টি দিন।’ আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) যখন আকাশে বৃষ্টি দেখতেন, দোয়াটি পড়তেন। (বুখারি: ১০৩২; মেশকাত: ১৫০০)


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ’

বৃষ্টির সঙ্গে যদি বজ্রপাত হয় এই দোয়া পড়বেন— اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বিগাজাবিকা, ওয়া লা-তুহলিকনা বিআজা-বিকা; ওয়া আ-ফিনা-ক্বাবলা জা-লিকা।’ অর্থ: ‘হে আল্লাহ! গজব দিয়ে আমাদের নিঃশেষ করবেন না, আজাব দিয়ে আমাদের ধ্বংস করবেন না; এর পূর্বেই আমাদের ক্ষমা করে দিন।’ রাসুলুল্লাহ (স.) বজ্রপাতের সময় এবং বিজলি চমকালে দোয়াটি পাঠ করতেন। (তিরমিজি: ৩৪৫০; নাসায়ি: ৯২৭)

বৃষ্টি বেশি হলে এই দোয়া পড়বেন—اللَّهُمَّ حَوَالَيْنَا ولَا عَلَيْنَا، اللَّهُمَّ علَى الآكَامِ والظِّرَابِ، وبُطُونِ الأوْدِيَةِ، ومَنَابِتِ الشَّجَرِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা হাওয়া-লাইনা, ওয়ালা আলাইনা; আল্লাহুম্মা আলাল আ-কাম ওয়াজ জিরাব ওয়া বুতুনিল আওদিআ; ওয়া মানাবিতিস শাজার।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাদের আশপাশে বৃষ্টি দিন, আমাদের ওপরে নয়। হে আল্লাহ! পাহাড়-টিলা, খাল-নালা এবং গাছ-উদ্ভিদ গজানোর স্থানগুলোতে বৃষ্টি দিন।’ (বুখারি: ১০১৪)

আরও পড়ুন: বৃষ্টি প্রার্থনার নামাজের নিয়ম


বিজ্ঞাপন


ঝড়ো বাতাস বইলে এই দোয়া পড়া সুন্নত— اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-ফিহা ওয়া খাইরা মা-উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-ফিহা ওয়া শাররি মা-উরসিলাত বিহি।’ অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করি এই ঝড়ের কল্যাণ, এর মধ্যস্থিত কল্যাণ, এর সঙ্গে প্রেরিত কল্যাণ। আমি আপনার নিকট পানাহ চাই এই ঝড়ের অনিষ্ট থেকে, এর মধ্যস্থিত অনিষ্ট থেকে, এর সঙ্গে প্রেরিত অনিষ্ট থেকে। আয়েশা (রা.) বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝড়ো বাতাস বইত, রাসুলুল্লাহ (স.)-এর চেহারায় চিন্তার রেখা ফুটে উঠত। এই অবস্থা দেখে তিনি এদিক-সেদিক পায়চারি করতে থাকতেন এবং দোয়াটি পড়তেন। (বুখারি: ৩২০৬; মুসলিম: ৮৯৯; তিরমিজি: ৩৪৪৯)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর