কাতারের দোহায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ট্রেড মার্ক গ্রুপের ‘Summer Best Riders Award 2026’। গ্রীষ্মকালীন প্রতিকূল আবহাওয়ায় কর্মদক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে ৭০ জন কার ড্রাইভার ও মোটরবাইক রাইডারকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানের বার্ষিক ওমরাহ সফর প্যাকেজ।
সম্প্রতি দোহার মানসুরায় ট্রেড মার্ক গ্রুপের ফুড ডেলিভারি কোম্পানির নিজস্ব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রেড মার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আব্দুল আলী।২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে কর্মীদের কাজের দক্ষতা, পেশাদারিত্ব ও সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে সেরাদের নির্বাচন করা হয়।নির্বাচিতদের মধ্যে ৩৫ জন কার ড্রাইভার এবং ৩৫ জন মোটরবাইক রাইডার রয়েছেন। তাদের কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতিতে কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাতারের প্রচণ্ড গরমের মধ্যে প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে যারা নিয়মিত গ্রাহকসেবা নিশ্চিত করছেন, তাদের পরিশ্রম ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।
তারা আরও বলেন, কর্মীদের কাজের স্বীকৃতি প্রদান এবং তাদের উৎসাহিত করার মাধ্যমে প্রতিষ্ঠানে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও কর্মস্পৃহা বাড়ানো সম্ভব। এ ধরনের উদ্যোগ কর্মীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মপরিবেশ উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ট্রেড মার্ক গ্রুপের বার্ষিক ওমরাহ সফর প্যাকেজের উদ্বোধন।

ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এ প্যাকেজের উদ্বোধন করেন। কর্মীদের কল্যাণ ও তাদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছরের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেড মার্ক গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর মো. ইকবাল হোসেন, অ্যাডমিন ম্যানেজার মো. আবু হানিফ এবং রিক্রুটিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কার ড্রাইভার, বাইক রাইডার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন
কাতারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ট্রেড মার্ক গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের দক্ষতা ও পেশাগত উন্নয়নের পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। ভবিষ্যতেও কর্মীদের অবদানের স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠান কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জেবি




