মালয়েশিয়াতে ৪৬০ জন বাংলাদেশিসহ সহস্রাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে- দুই দিনব্যাপী এমন সব জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃত প্রবাসীদের অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।
বুধবার (১২ আগস্ট) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: পর্তুগালে বিদেশি নাগরিককে অপহরণ ও নির্যাতনের দায়ে ২ বাংলাদেশি গ্রেফতার
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, গত ১০ ও ১১ আগস্ট সারাদেশে পরিচালিত এসব অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
মালয়েশিয়ার সুংগাই চুয়ার এলাকার একটি আবাসিক ভবনে অভিযান শেষে মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
জাকারিয়া শাবান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪৬০ জন বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশিদের মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী।
তিনি বলেন, গ্রেফতারকৃত অন্যদের মধ্যে ৩২৮ জন ইন্দোনেশিয়ার, ১৮৬ জন মিয়ানমারের, ৫৫ জন ভারতীয়, ২২ জন নেপালি এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিক রয়েছেন।
আরও পড়ুন: লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি
জাকারিয়া বলেন, সাধারণ মানুষের অভিযোগ, অভিবাসন বিভাগ ও গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট কিছু আবাসিক এলাকা ছিল এই বিশাল অভিযানের কেন্দ্র। কয়েকটি এলাকায় অনিয়ন্ত্রিতভাবে বিদেশিদের উপস্থিতি নিয়ে মালয়েশীয় নাগরিকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে অভিবাসন বিভাগ আইন প্রয়োগকারী তৎপরতা জোরদার করেছে।
মালয়েশিয়ার এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ এবং বিদেশিদের উপস্থিতির বিষয়টিকে ক্রমেই অনিয়ন্ত্রিত হিসেবে দেখা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের পর আমরা আইন প্রয়োগ কার্যক্রম বৃদ্ধি করছি।
আটক ও গ্রেফতার এড়াতে নথিপত্রহীন বিদেশিদের চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাকারিয়া।
এই কর্মসূচির আওতায় বিদেশি নাগরিকরা স্বেচ্ছায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগে আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
এএইচ




